শাশুড়িকে খুন করতে পাঁচ হাজার টাকা দিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সবাই জানতেন হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের সাহারা খাতুনের (৫১) মৃত্যু হয়েছে। কিন্তু ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। অবশেষে নিহত সাহারা খাতুনের জামাতা আরাফাত আলিফ র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর মুখ্য বিচারিক হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, পাঁচ হাজার টাকায় বন্ধু মিজানুর রহমানের মাধ্যমে তিনি শাশুড়ি সাহারা খাতুনকে খুন করিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুন হওয়ার ১৫ দিন পর আদালতের নির্দেশে গত শুক্রবার সাহারা খাতুনের লাশ কবর থেকে তোলা হয়। মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডুর নেতৃত্বে গোভীপুর কবরস্থান থেকে এই লাশ তোলার সময় র‌্যাব, পুলিশ, মামলার বাদী ও নিহতের মেয়ে রুনা বেগম (২২) উপস্থিত ছিলেন।এর আগে গত ২৬ জানুয়ারি অভিযান চালিয়ে র‌্যাব আরাফাত আলিফকে শেখপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। র‌্যাব তাঁর কাছ থেকে গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে। র‌্যাব কমান্ডার সাজ্জাদ রায়হান জানান, আলিফ চরমপন্থী একটি দলের পক্ষে চাঁদাবাজি করতেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বন্ধু মিজানুরকে দিয়ে তিনি শাশুড়ি সাহারা খাতুনকে হত্যা করিয়েছেন। পরে র‌্যাব মিজানুরকে গ্রেপ্তার করলে এই হত্যার রহস্য উন্মোচিত হয়। গত ২৭ জানুয়ারি মেহেরপুরের মুখ্য বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের কাছে ১৬৪ ধারার জবানবন্দিতে আরাফাত আলিফ জানান, শাশুড়িকে হত্যার জন্য গত ১৭ জানুয়ারি মিজানুরকে তিনি পাঁচ হাজার টাকা দেন। মিজানুর ওই দিন রাতেই সাহারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে।মিজানুর তাঁর জবানবন্দিতে বলেছেন, তিনি ১৭ জানুয়ারি দিবাগত রাতে গোভীপুর দত্তপাড়ায় সাহারা খাতুনের ঘরে ঢুকে তাঁকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দিয়ে ও গলা টিপে হত্যা করেন। মামলার বাদী রুনা বলেন, ‘আমরা জানতাম মা হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। পরে আলিফের জবানবন্দিতে মাকে হত্যা করা হয়েছে জানতে পেরে ২৮ জানুয়ারি সদর থানায় হত্যা মামলা করি।’ সদর থানার ওসি (তদন্ত) মাসুদ আলী জানান, আদালতের নির্দেশে লাশ তোলা হয়েছে। আসামিদের ১৬৪ ধারার জবানবন্দি, মামলা ও ময়নাতদন্তের প্রতিবেদনে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত। শিগগির অভিযোগপত্র দেওয়া হবে।