শাশুড়িকে খুনের দায়ে পুত্রবধূর মৃত্যুদণ্ড
শাশুড়িকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে পুত্রবধূকে ফাঁসি ও ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
শাশুড়ির নাম পারভিন বেগম। আর বউয়ের নাম মোসা. রোজিনা আক্তার (২০)। তিনি পলাতক।
ময়মনসিংহের গৌরীপুর থানার ভারুয়ামারীর মৃত ফজলুল হকের মেয়ে রোজিনা আক্তার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. পারভেজের স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, মো. পারভেজ বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে মায়ের (পারভিন বেগম) সঙ্গে থাকতেন। মাঝেমধ্যে বউ-শাশুড়ির ঝগড়া হতো। ২০১৫ সালের ১৫ জানুয়ারি পারভেজ তাঁর মা ও স্ত্রীকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। পরদিন সকাল আটটার দিকে বাড়িতে আসেন। মাকে দেখতে না পেয়ে স্ত্রীকে মায়ের কথা জিজ্ঞেস করেন তিনি। তখন স্ত্রী একেক সময় একেক কথা বলতে থাকেন। স্ত্রীর অসংলগ্ন কথায় সন্দেহ হয় পারভেজের। এ সময় তিনি মায়ের কক্ষে তালা দেখতে পান। একপর্যায়ে রোজিনা পালানোর চেষ্টা করলে এলাকার লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে মায়ের কক্ষের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে মায়ের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখেন পারভেজ। এ সময় রোজিনা তাঁর শাশুড়িকে খুনের কথা স্বীকার করেন। তিনি বলেন, ১৫ জানুয়ারি রাত আড়াইটার দিকে শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় পেয়ে কুড়াল দিয়ে শাশুড়ির মাথায় কুপিয়ে খুন করেন। বিয়ের পর থেকে বনিবনা না হওয়ায় সেদিন শাশুড়িকে বাড়িতে একা পেয়ে তিনি এ কাজ করেন। ওই ঘটনায় পারভেজ ১৬ জানুয়ারি কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালত তাঁর জামিন মঞ্জুর করলে সেদিন থেকেই তিনি পলাতক রয়েছেন। ৩১ মে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, দীর্ঘ শুনানির পর বিচারক এ কে এম এনামুল হক আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকার অর্থদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে গাজীপুর আদালতের পিপি মো. হারিছ উদ্দিন আহমদ এবং আসামিপক্ষের আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান মিন্টু মামলার শুনানি করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।