শাশুড়িকে পুড়িয়ে হত্যার মামলায় পুত্রবধূ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার দেউল গ্রামে শাশুড়ি খতেমন বেওয়াকে (৬৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তাঁর পুত্রবধূ পারুল বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল নয়টার দিকে পারুলকে তাঁর বাবার বাড়ি খানপুর ইউনিয়নের সন্দলপুর থেকে গ্রেপ্তার করা হয়।খতেমন বেওয়ার ছেলে এনামুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে জোতবানী ইউনিয়নের দেউল গ্রামে গত বছর ২৯ সেপ্টেম্বর রাতে তাঁর মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তাঁর স্ত্রী। মারাত্মক জখম অবস্থায় খতেমনকে প্রথমে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে ৬ নভেম্বর বিরামপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে পারুলের বিরুদ্ধে মামলা করেন। বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর খতেমন বেওয়া মারা যান। ২৬ ডিসেম্বর প্রথম আলোয় ‘শাশুড়িকে পুড়িয়ে হত্যার অভিযোগ’ শিরোনামে সংবাদ ছাপা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পারুল বেগম পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।