শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার
পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের বন্দর থানাধীন দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকায় পুত্রবধূর হাতে শাশুড়ি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে। গতকাল শনিবার দুপুরে পুলিশ পুত্রবধূকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। নিহত বৃদ্ধার নাম শামসুন্নাহার (৭০)। গ্রেপ্তার হওয়া পুত্রবধূর নাম সখিনা (৩৭)। পুলিশ জানিয়েছে, কথা-কাটাকাটির জের ধরে পুত্রবধূ সখিনা তাঁর শাশুড়ির গলা টিপে ধরেন। ঘটনাস্থলেই শামসুন্নাহারের মৃত্যু হয়। এরপর পুলিশকে না জানিয়ে গতকাল বৃদ্ধার দাফনের ব্যবস্থা করা হয়। গতকাল দুপুরে বৃদ্ধাকে দাফনের আগেই পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সখিনাকে গ্রেপ্তার ও ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।বন্দর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা শওকত প্রথম আলোকে বলেন, নিহত শামসুন্নাহারের ছেলে রিকশাচালক। তাঁদের গ্রামের বাড়ি ভোলা জেলায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।