শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন
কিশোরগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জেসমিন আক্তার নামের (২০) এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত আসমার বাড়ি ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকায়। ছেলের বিয়ের পর থেকেই পুত্রবধূ জেসমিনের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। ২০১৩ সালের ১৮ নভেম্বর ঘরে একা পেয়ে জেসমিন তাঁর শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে দুই টুকরা করে লাশ বস্তায় ঢুকিয়ে শৌচাগারে রেখে দেন। দুদিন পর শৌচাগার থেকে আসমার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই পৌর শহরের কমলপুর থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। আসমার ছোট ছেলে তৌকির আহমেদ ২০ নভেম্বর জেসমিনকে প্রধান আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা করেন।