শাশুড়িকে হত্যায় পুত্রবধূর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা আক্তার (২০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তরপাড়া এলাকার মো. পারভেজের স্ত্রী।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, গত বছরের ১৫ জানুয়ারি পারভেজ তাঁর স্ত্রী ও মাকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে তিনি ওই আত্মীয়ে​র বাড়িতেই ছিলেন। পরের দিন বাড়ি ফিরে তিনি তাঁর মায়ের ঘরে তালা দেখতে পান। স্ত্রী রোজিনাকে জিজ্ঞাসা করলে তিনি একেক সময় একেক কথা বলেন। একপর্যায়ে রোজিনা পালানোর চেষ্টা করেন। লোকজনের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। পরে পারভেজ তাঁর মায়ের লাশ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখেন। রোজিনা শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় হত্যার কথা জানালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পারভেজ বাদী হয়ে রোজিনাকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন।

তদন্ত শেষে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম গত বছরের ৩১ মে রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুরের সরকারি কৌঁসুলি মো. হারিছ উদ্দিন আহম্মদ। আর আসামিপক্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান মিন্টু।