নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে শ্বশুরবাড়ির নির্যাতনে শিক্ষিকা ফারজানা নূর সুখীর (২৬) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার শাশুড়ি মাইনুর বেগম (৫০) জামিন পাননি। গতকাল সোমবার নোয়াখালী জেলা ও দায়রা জজ আশরাফ হোসেনের আদালতে জামিনের আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুর করেন।এদিকে মাইনুর বেগমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুজ্জামান। কাল বুধবার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। গত রোববার আদালত ফারজানার দুই সপ্তাহ বয়সের মেয়েকে তাঁর নানার (সাব্বির আহমেদ) জিম্মায় রেখে লালন-পালনের নির্দেশ দিয়েছেন। ২২ এপ্রিল ফারজানার মৃত্যুর পর থেকে শিশুটিকে তাঁর এক বান্ধবী লালন-পালন করছেন। এদিকে, বেগমগঞ্জ থানায় সাব্বির আহমেদের করা নারী নির্যাতন মামলার বাকি তিন আসামি ফারজানার শ্বশুর চিকিৎসক এ বি এম আহছানউল্লা খান, স্বামী বায়েজিদ বোস্তামী ও ননদ বদরুন নাহার আহছানকে গতকাল বিকেল পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. শাহীনুজ্জামান প্রথম আলোকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফারজানার লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে নির্যাতনের প্রমাণ পাওয়ার পাশাপাশি তাঁর শ্বশুরবাড়ির দুই গৃহকর্মী ও প্রতিবেশীদের বক্তব্যেও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। সেই অনুযায়ী মামলার তদন্ত চলছে। গত বছরের ২৪ জুন বরিশালের সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক বায়েজিদ বোস্তামীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে পারিবারিকভাবে ফারজানা নূরের বিয়ে হয়।