শাশুড়ির সঙ্গে অভিমান করে হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসার চালাতে ঠিকমতো টাকা-পয়সা না দেওয়ায় শাশুড়ি জামাতা গার্মেন্টস শ্রমিক আবুল কাশেমকে প্রায়ই বকাঝকা করতেন। আর এ কারণে শাশুড়ির সঙ্গে অভিমান করে জন্মদাতা বাবা আবুল কাশেম নিজেই নয় মাস বয়সী যমজ দুই সন্তানকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেছেন।গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বজলুর রহমানের আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল কাশেম। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, আবুল কাশেম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, তিনি গাজীপুরের মৌচাকে পোশাক তৈরির একটি কারখানায় কাজ করতেন। স্ত্রী সালমাও আদমজী ইপিজেডের একটি কারখানায় কাজ করেন। তাঁরা সিদ্ধিরগঞ্জের কদমতলীতে পাঁচ বছরের এক ছেলে, নয় মাস বয়সী যমজ শিশু সীমান্ত ও শিমু এবং শাশুড়িকে নিয়ে বাস করতেন। আবুল কাশেম মাঝেমধ্যে সিদ্ধিরগঞ্জে আসতেন এবং সংসারে কিছু টাকা দিতেন। এতে কোনোমতে সংসার চলত। সংসার খরচ নিয়ে শাশুড়ির সঙ্গে তাঁর প্রায়ই মনোমালিন্য হতো এবং শাশুড়ি বকাঝকা করে বলতেন, ‘সংসার খরচের টাকা দিতে না পারলে এত সন্তান জন্ম দিয়েছো কেন?’ এ কারণে তিনি শাশুড়ির সঙ্গে অভিমান করে মঙ্গলবার ভোর চারটায় প্রথমে শিশুকন্যা শিমুকে বিছানা থেকে তুলে নিয়ে বাড়ির কাছে একটি পুকুরের পানিতে ফেলে দেন। একইভাবে সীমান্তকে তুলে নিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেন। পরে তিনি বিছানায় গিয়ে ঘুমের ভান ধরে থাকেন। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী সালমা শিশুসন্তান দুটির খোঁজ করতে থাকেন। আবুল কাশেমও সালমার সঙ্গে বাচ্চা খোঁজার অভিনয় করেন। পরে এলাকার লোকজন পুকুরে শিশু দুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশে এসে লাশ উদ্ধার করে। এদিকে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী কবরস্থানে দুই শিশুর লাশ দাফন করা হয়েছে।