শাশুড়ির সন্দেহের তালিকায় পুত্রবধূ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঞ্জন ধর হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন অঞ্জনের মা সমিতা রানী ধর। শাশুড়ির অভিযোগ, পুত্রবধূ প্রিয়াঙ্কা ধর পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এই মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন তিনি। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতা রানীসহ পরিবারের সদস্যরা এসব অভিযোগ তোলেন।
অবশ্য হত্যাকাণ্ডের পর প্রিয়াঙ্কা ধরের ভাই বাবলু ধর থানায় গিয়ে ভগ্নিপতিকে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। বোন প্রিয়াঙ্কাকে নির্যাতন করায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি জবানবন্দিতে উল্লেখ করেন বলে পুলিশ জানায়।
সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে প্রিয়াঙ্কা ধরের বক্তব্য জানতে গতকাল বিকেলে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
গত সোমবার চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকার আফিনি গলির বাসা থেকে অঞ্জন ধরের লাশ উদ্ধার করা হয়। নগরের হাজারি গলির একটি সোনার দোকানের কারিগর ছিলেন তিনি। বাবলু ধরও একই দোকানে কাজ করতেন। হত্যার ঘটনায় ভাই বাবলু ধরকে আসামি করে সোমবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন প্রিয়াঙ্কা ধর।
গতকাল সংবাদ সম্মেলনে অঞ্জনের বোন বীণা ধর লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রেমে বাধা ও সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য তাঁর ভাইকে পরিকল্পিতভাবে খুন করেন প্রিয়াঙ্কা। একজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—পুলিশ এ কথা বললেও তাঁদের ধারণা, একাধিক ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পুলিশ ঘটনার পর থেকে তাঁদের পরিবারের সদস্যদের সহযোগিতা করছে না। অঞ্জনের বাসা ও দোকানের চাবি পুলিশ প্রিয়াঙ্কাকে দিয়ে দিয়েছে।
অবশ্য অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বাবলু আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। মামলাটির তদন্ত চলছে। আর কেউ জড়িত থাকলে তাঁকেও আসামি করা হবে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির স্ত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। তথ্যপ্রমাণ পেলে তাঁকেও আসামি করা হবে।
ওসি জসীম উদ্দিন আরও বলেন, দোকানের চাবি নিহত ব্যক্তির স্ত্রীকে দেওয়া হয়নি। শুধু বাসার চাবি দেওয়া হয়েছে। তাঁর নামে ব্যাংকে কিছু টাকাও রয়েছে। মূলত সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে অঞ্জনের পরিবার প্রিয়াঙ্কাকে দোষারোপ করতে পারে বলে ধারণা করছেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি প্রমুখ।