শাশ্বত সত্যের চিকিৎসার জন্য সাড়ে ১৯ লাখ টাকার চেক প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী শাশ্বত সত্য দুরারোগ্য মরণব্যাধি থেকে বাঁচার তীব্র আকুতি জানিয়েছিলেন সবার কাছে। শরীরের হাড় ক্ষয়ে যাওয়া সেই দুরারোগ্য অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস রোগে যখন তাঁর জীবন ধীরে ধীরে ক্ষয়ে আসছিল, তখন তাঁকে বাঁচাতে তাঁর নিজ বিভাগের পক্ষ থেকে নেওয়া হয় নানা পদক্ষেপ। সেই ২০০৮ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দুই বছরেরও বেশি সময় ধরে তাঁর ব্যয়বহুল চিকিৎসার টাকা সংগ্রহের চেষ্টা চালানো হয়।এখন পর্যন্ত সব মিলিয়ে সংগৃহীত মোট ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক গত রোববার শাশ্বতর স্কুলশিক্ষক বাবা অরুণ সত্যের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজিত এ চেক প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয়, এর আগে পাসপোর্টসহ আনুষঙ্গিক কাজে শাশ্বতকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। যাবতীয় প্রস্তুতি শেষ করে অস্ত্রোপচারের জন্য ৩০ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে শাশ্বতকে ভারতে পাঠানো হবে।শিক্ষকেরা জানান, শাশ্বতের চিকিৎসার জন্য অন্তত ২৫ লাখ টাকা লাগবে। চিকিৎসা চলার সময়ে বাকি টাকা সংগ্রহ করে শাশ্বতের বাবাকে দেওয়া হবে।