শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে উপনিবেশ হিসেবে দেখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি হলেও তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। বাংলাদেশের শাসকগোষ্ঠী এখনো পার্বত্য চট্টগ্রামকে তাদের উপনিবেশ হিসেবে দেখছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বিলুপ্ত হয়ে যাবে।
গতকাল রোববার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষে নীতিনির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং গবেষণা ও উন্নয়ন কালেকটিভের সহায়তায় এ সংলাপের আয়োজন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক সংসদীয় ককাস।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে মূলধারায় নিয়ে আসার ওপর জোর দেন। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অধিকার প্রতিষ্ঠায় সমতলের জনগোষ্ঠীকে যুক্ত হতে হবে। বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়ক মেসবাহ কামালের সঞ্চালনায় সংলাপের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
ককাসের সদস্য ও সাংসদ এ কে এম ফজলুল হক সন্তু লারমার অভিযোগ সত্য নয় বলে তাঁর বক্তৃতায় মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় এসেই পার্বত্য চুক্তি করেছে, যার বেশির ভাগই বাস্তবায়ন করা হয়েছে, কিছু বাকি। এর পুরোপুরি বাস্তবায়ন হলেই সেখানে আর সেনাবাহিনী থাকার দরকার হবে না।
ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, ককাসের সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাধারণ সম্পাদক ও সাংসদ নাজমুল হক প্রধান, সাংসদ মৃণাল কান্তি দাস, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দ্য ডেইলি অবজারভার-এর সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ইশাণী চক্রবর্তী বক্তব্য দেন। তাঁরা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় পার্বত্য চট্টগ্রাম, উত্তরাঞ্চলের সমতল ও সিলেট থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।