শাসকশ্রেণীর সদিচ্ছার অভাবে সর্বস্তরে বাংলার প্রচলন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে জনগণ কোনো বাধা নয়। শাসকশ্রেণী ও রাজনীতিকদের সদিচ্ছার অভাবেই তা সম্ভব হচ্ছে না।গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘বাংলা ভাষার শত্রু-মিত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।মুক্তিযুদ্ধ ও জনসংস্কৃতিচর্চা কেন্দ্রের আহ্বায়ক মনজুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি মানিকগঞ্জ শাখার সদস্যসচিব ইকবাল হোসেন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুব ইরান প্রমুখ। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সর্বস্তরে জাতীয় ভাষা প্রচলনের মাধ্যমেই জাতির আর্থসামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি অর্জন সম্ভব। অথচ আমরা বাংলা ভাষাকে দূরে সরিয়ে রাখছি। এ কারণেই আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। এ জন্য সর্বক্ষেত্রে ও সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে।’ আলোচনা সভা শেষে সন্ধ্যায় জহির রায়হানের জীবন থেকে নেয়া ছবিটি প্রদর্শন করা হয়। ‘সংস্কৃতি হলো গোলামির জিঞ্জির ছেঁড়া, শিরদাঁড়া সোজা হওয়ার ডাক’—এ স্লোগান নিয়ে মহান ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ ও জনসংস্কৃতিচর্চা কেন্দ্র এ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।