শাসন করায় কিশোর খুন করল শিশুকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামা শাসন করায় এক কিশোর ছোট্ট মামাতো ভাইকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বগুড়ার আদমদীঘি উপজেলায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সিরাজগঞ্জে এক শিশু ও চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
আদমদীঘি (বগুড়া): গত বৃহস্পতিবার রাতে স্বাধীন (৫) নামের এক শিশুকে শ্বাসরোধে তার মামাতো ভাই (১৬) খুন করেছে বলে স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করেন। স্বাধীন উপজেলার কালাইকুড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ওই কিশোর মামা সাইফুলের বাড়িতে থেকে লেখাপড়া করত। সাইফুল সম্প্রতি তাকে শাসন করেন। এতে সে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে ওইদিন বিকেলে স্বাধীনকে সে বাড়ি থেকে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও স্বাধীন ফিরে না আসায় স্থানীয়রা ওই কিশোরকে চাপ দিলে সে তাকে (স্বাধীন) খুন করার কথা স্বীকার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই গ্রামের একটি নলকূপের ঘরে বিদ্যুতের তার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় স্বাধীনের লাশ পাওয়া যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় সাইফুল ওই কিশোরের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
সিরাজগঞ্জ: বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল রাধানগর চকপাড়া এলাকার একটি ডোবা থেকে এক শিশুর (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মেহেদী দিয়ে লাশের ডান হাতে জাহিদ ও বাম হাতে ঈদ মোবারক লেখা আছে।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার ভাপাপাড়ার হরিনগর উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কের পাশের একটি নালা থেকে ময়েজ উদ্দীন (৫১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।