শাসন করায় নরসিংদী থেকে চট্টগ্রাম
পড়াশোনার চেয়ে মুঠোফোনে বেশি সময় ব্যয় করায় ছেলেকে শাসন করেছিলেন মা৷ এ জন্য ছেলে কাউকে কিছু না বলে গত শুক্রবার গ্রামের আরও দুই শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়৷ তিন দিনেও শিশুদের খোঁজ না পেয়ে পাগলপ্রায় তাদের মায়েরা৷ এ ব্যাপারে নরসিংদীর শিবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত হয়েছে৷
ওই তিন শিশুকে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকা থেকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সিনহা প্রথম আলোকে জানান, ওই তিন শিশু লালদীঘির একটি রেস্তোরাঁয় কাজ করছিল৷ তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে৷
তিন শিশুর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের পুরোনো আটাসিয়া গ্রামে৷ এদের মধ্যে সুবন মিয়া (১৩) ও জাহিদ হাসান (১৩) চতুর্থ শ্রেণিতে পড়ে৷ মো. নাঈম মিয়া (১৫) একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে৷
শিশুদের পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন শিশু শুক্রবার জুমার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়৷ এরপর আর বাড়ি ফিরে আসেনি৷ ওই দিন বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত তাদের সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি৷ নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মায়েরা রোববার শিবপুর মডেল থানায় তিনটি পৃথক জিডি করেন৷ ওই সময় তিন শিশুর মা কাঁদতে কাঁদতে প্রথম আলোর কাছে নিখোঁজ হওয়ার বর্ণনা দেন৷ গতকাল বিকেলে শিবপুর মডেল থানার পুলিশ মায়েদের জানান, তিনজনকে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার করেছে৷
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে জানান, এক শিশু (নাঈম মিয়া) জানিয়েছে, তার মা বকাঝকা করায় সে অভিমান করে অন্য দুজনকে নিয়ে নরসিংদী থেকে ট্রেনে চড়ে চট্টগ্রাম চলে আসে৷ গতকাল পকেটের টাকা শেষ হওয়ায় তারা লালদীঘির একটি রেস্তোরাঁর সামনে ঘোরাঘুরি করছিল৷ খাবারের আশায় তারা ওই রেস্তোরাঁয় কাজ নেয়৷ রেস্তোরাঁর এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে তাঁরা তিন শিশুকে থানায় নিয়ে আসেন৷
সন্ধ্যায় নাঈম মিয়ার মা ছালমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন৷ ছেলে পড়াশোনার চেয়ে মুঠোফোনে কথা বলে বেশি সময় ব্যয় করে৷ এ জন্য তিনি বকাঝকা করেছিলেন৷ কিন্তু তাই বলে ছেলে আরও দুজনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, এটি তিনি কখনোই ভাবেননি৷
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. মিজানুর রহমান বলেন, তিন শিশুকে চট্টগ্রাম থেকে আনতে তাদের মা, আত্মীয়স্বজন ও থানার পুলিশ সদস্যরা মাইক্রোবাস ভাড়া করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন৷