রাঙামাটিতে সন্তু লারমা
শাসনতান্ত্রিক ব্যবস্থায় নারীর অংশগ্রহণের জন্য পার্বত্য চুক্তির বাস্তবায়ন দরকার
পাহাড়ে শাসনতান্ত্রিক ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। চুক্তি বাস্তবায়নে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল বুধবার রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করে।
সভায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য পুরুষদের এগিয়ে আসতে হবে। নারীদের অধিকার আদায়ের আন্দোলনে পুরুষদের শামিল হতে হবে। নারীদের সমমর্যাদা দেওয়া হলে সমাজে বৈষম্য কমবে।
সভায় সভাপতিত্ব¡ করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জড়িতা চাকমা। বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওয়াচিংপ্রু মারমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গলকুমার চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, যুব সমিতির রাঙামাটি সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, নারীরা তাঁদের অধিকার নিয়ে সচেতন হচ্ছেন। এটি অব্যাহত রাখার মধ্য দিয়ে পাহাড়ে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
নারী দিবসে জেলা শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা পেট্রলপাম্প ঘুরে আবার শিল্পকলা একাডেমি এসে শেষ হয়।
এদিকে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি শাখার সভাপতি কনিকা বড়ুয়া, সনাকের জেলা সদস্য সুস্মিতা চাকমা প্রমুখ।