শাসনব্যবস্থা ঠিক না থাকায় বৈষম্য সৃষ্টি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ব্যবস্থা ঠিক না থাকায় সম্পদের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। গতকাল বুধবার দুপুরে রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম আর আগের মতো নেই। কাপ্তাই হ্রদে তলিয়ে গেছে ভূমি। হারিয়ে গেছে সম্পদ। অস্বাভাবিকভাবে মানুষ বৃদ্ধি পেয়েছে। সম্পদ কমে যাওয়ায় বৈষম্য সৃষ্টি হয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় খাবার সবাই পাচ্ছে না। মানুষ যে জিনিস পুষ্টি ভেবে খাচ্ছে, ভেজাল মিশিয়ে তা বিষে পরিণত করা হচ্ছে। এটি সারা দেশের চিত্র হলেও পার্বত্য চট্টগ্রামের অবস্থা আরও ভয়াবহ। এখানকার বাজার কারও নিয়ন্ত্রণে নেই। জনস্বার্থে স্বাস্থ্য বিভাগ কাজ করতে চাইলেও নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা আরও বলেন, পাহাড়ের জনগণের স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশসহ নানা ক্ষেত্রে বিভিন্ন এনজিও কাজ করছে। কিন্তু সব কাজ দৃশ্যমান নয়।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সাউথ এশিয়া ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইনিশিয়েটিভের উদ্যোগে খাদ্য ও পুষ্টি নিরাপদ-বিষয়ক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. শামীম ইমাম। বক্তব্য দেন চিকিৎসক বিনোদ শেখর চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক, আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা সুপর্ণা চাকমা, উন্নয়ন সংস্থা সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা, চিকিৎসক দেবরাজ চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, উন্নয়নকর্মী লিনা লুসাই প্রমুখ।