শাসনের নামে মেয়েকে বাবার নির্যাতন, থানায় আশ্রয় গ্রহণ
মৌলভীবাজারের কমলগঞ্জে শাসনের নামে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে বেঁধে, মাথা ন্যাড়া করে, হাতে সুচ ফুটিয়ে ও জ্বলন্ত সিগারেটের ছেঁকা দিয়েছেন তার বাবা। আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অবশেষে ঈদুল আজহার রাতে পালিয়ে এসে থানায় আশ্রয় নেয় মেয়েটি।
সরেজমিনে মেয়েটির মামাবাড়িতে গেলে সেখানে থাকা মেয়েটি জানায়, তার মা বছর খানেক আগে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে গেছেন। মা ঠিকমতো টাকা পাঠান না বলে বাবা প্রায়ই তাকে মারধর করেন। ১৫ দিন আগে এক ছেলেবন্ধুর সঙ্গে মুঠোফোনে কথা বলায় নির্যাতনের মাত্রা আরও ছাড়িয়ে যায়। এরপর বাবা তাকে ঘরে বেঁধে মারধর করেন। আরেক দিন ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দেন। তারপর হাতে সুই ফুটিয়ে, জ্বলন্ত সিগারেটের ছেঁকা দিয়ে শরীরের বিভিন্ন স্থান ঝলসে দেন। ঈদের পরদিন গায়ে গরম পানি ঢেলে দেবেন, তার পর জবাই করবেন বলে হুমকিও দেন বাবা। এর পরই ভয়ে ঈদুল আজহার দিন রাত ১২টার দিকে বাড়ি থেকে পালিয়ে থানায় আশ্রয় নেয় মেয়েটি। থানার ওসি তাকে তার মামার জিম্মায় দেন।
নির্যাতিত মেয়েটি আরও অভিযোগ করে, তার বাবার অত্যাচার থেকে বাঁচতে সে চেয়ারম্যানের সাহায্য চেয়েছিল। কিন্তু তার বাবার কথায় চেয়ারম্যান আশ্রয় দেননি।
অভিযোগ সম্পর্কে মেয়েটির বাবা কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, ছেলেবন্ধুর সঙ্গে মুঠোফোনে কথা বলায় বাবা এভাবে শাসন করেছেন বলে মেয়ে নিজেই তাঁকে (চেয়ারম্যান) জানিয়েছিল।
মেয়ের মামা জানান, কমলগঞ্জ থানার ওসির মাধ্যমে ঘটনা শুনেছেন। ওসি ভাগনিকে তাঁর জিম্মায় দিয়েছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে থানায় ওই বাবা-মেয়ের ঘটনা নিয়ে বৈঠক হয়েছে। মেয়েটি যাতে নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য তাকে তার মামার জিম্মায় দেওয়া হয়েছে।