শিক্ষক-শিক্ষিকা সন্তানকে শাস্তি দিলে প্রতিবাদ করা যাবে না। মাসিক বেতন ও কোচিং ফি নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। সন্তানদের ভর্তি করার আগে অভিভাবকদের এমনই অঙ্গীকার দিয়ে ফরমে স্বাক্ষর করতে হয়।চট্টগ্রাম নগরের ষোলশহরের আবদুল হামিদ সওদাগর উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে অঙ্গীকার নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার বৈধতা নিয়েছে। কোচিংয়ের নামে অভিভাবকদের কাছ থেকে মাসিক ৫০০ টাকা হারে ফি নেওয়া হচ্ছে। অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কোচিং বাধ্যতামূলক করা হয়েছে।সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে অভিযোগ করে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানা গেছে। এরই মধ্যে ওই প্রতিষ্ঠানের নানা অনিয়ম নিয়ে বিভিন্ন দপ্তর থেকে ছয়বার তদন্ত করা হয়েছে।বোর্ডের চেয়ারম্যানের কাছে ছাত্রদের দেওয়া অভিযোগে বলা হয়, প্রথম সাময়িক পরীক্ষার সময় তাদের কোচিং করতে হয়েছে। যেদিন যে বিষয়ের পরীক্ষা, সেদিন ওই বিষয়ের ওপর কোচিং করে পরীক্ষা দিতে হয়েছে। কোচিংয়ে না গেলে বেতের ২০ ঘা দেওয়া হয়।শাস্তির বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক শেখ মো. আরেফুল ইসলাম বলেন, ‘সামনের বছর অঙ্গীকারনামা থেকে এটা তুলে দেব। কিছু দুষ্টু ছেলে রয়েছে, তাদের শাস্তি দিতে হয়।’বিদ্যালয় সূত্র জানায়, দিনে দুই ঘণ্টার কোচিং থেকে প্রতি মাসে বিদ্যালয়ের আয় এক লাখ ৯৫ হাজার টাকা। এসব অর্থ বিদ্যালয়ের তহবিলে ঠিকমতো জমা হয় না বলে অভিযোগ রয়েছে।প্রধান শিক্ষক স্বাক্ষরিত ২৪ মার্চের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোচিংয়ে অংশ না নিলেও কোচিং ফি দিতে হবে।’ এরপর ১৬ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরীক্ষা চলাকালে অষ্টম, নবম ও দশম শ্রেণীর কোচিং সকাল আটটা থেকে নয়টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ তিন শ্রেণীর কোচিং বাধ্যতামূলক।’চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো ধরনের শারীরিক শাস্তি নিষিদ্ধ। এ ছাড়া বিনা পয়সায় কেবল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কোচিং করালে ঠিক আছে। কিন্তু টাকা নিয়ে কোনোভাবেই কোচিং করাতে পারবে না। আমরা অভিযোগগুলো তদন্ত করছি।’জানা গেছে, কোচিংয়েই সীমাবদ্ধ নয় ব্যবসা, প্রতিবছর বাইরের বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আবদুল হামিদ উচ্চবিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। নবম শ্রেণীতে এসব ছাত্র ভর্তি করা হলেও তারা ক্লাস করে না। ২০১১ সালের এসএসসি পরীক্ষায় এ রকম ১৪০ জন বাইরের শিক্ষার্থী এ বিদ্যালয়ের হয়ে অংশ নেয়।ভর্তি করানোর সময় প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফরম, ভর্তি, নিবন্ধন এবং নবম ও দশম শ্রেণীর আগাম বেতন বাবদ আট থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। এ অর্থ বিদ্যালয়ের তহবিলে জমা হয় না বলে অভিযোগ রয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের দুই পরিদর্শক ২০০৯ সালে এ অভিযোগসহ নানা অনিয়মের বিষয়ে তদন্ত করেন। প্রতিবেদনে প্রধান শিক্ষক শেখ মো. আরেফুল ইসলাম ছাত্র ভর্তির লাখ লাখ টাকা আত্মসাৎ করেন বলে উল্লেখ করা হয়।একই বছর চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে বিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে আরেক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ছাত্রীদের সঙ্গে অসদাচরণ, অবৈধ নিয়োগ ও ভুয়া তথ্য দিয়ে এমপিওভুক্তকরণের (সরকারের দেওয়া মাসিক ভাতা) অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিদুল আলম এ তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করেন।প্রধান শিক্ষক আরেফুল ইসলাম বলেন, ‘অতীতে টাকা আত্মসাতের যেসব বিষয় প্রমাণিত হয়েছে, তা মীমাংসা হয়ে গেছে। আর ছাত্রদের কোচিং করানোর ফলে তাদের উন্নতি হচ্ছে। কিছু শিক্ষক এই কোচিংয়ের বিরুদ্ধে লেগেছেন।’