শাস্তি কাকে বলে শেখাচ্ছেন শিক্ষক!
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সরকারিভাবে এ ধরনের শাস্তি নিষিদ্ধ।এলাকাবাসীর অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. নূরুল হক শিক্ষার্থীদের বেত দিয়ে পেটান। শিক্ষার্থীদের বেত্রাঘাত করা ছাড়াও লাথি, কিল-ঘুষি, এমনকি দেয়ালের সঙ্গে ধাক্কাও মারেন। দিনের পর দিন চলছে এই অবস্থা। জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি কুয়ারপুর গ্রামের আলম মিয়ার ছেলে ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র হূদয় হাসান প্রস্রাব করার জন্য শিক্ষককে না বলে শ্রেণীকক্ষের বাইরে যায়। এরপর সে শ্রেণীকক্ষে এলে প্রধান শিক্ষক নূরুল হক তাকে বেত দিয়ে পেটান ও দেয়ালের সঙ্গে ধাক্কা মারেন। এতে সে বুকে আঘাত পায়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হূদয় এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তাছাড়া একই দিন প্রধান শিক্ষকের পিটুনিতে সুমাইয়া নামের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।এলাকাবাসী বলেন, প্রধান শিক্ষকের এ ধরনের অমানবিক আচরণের কারণে অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর আগ্রহ হারিয়ে ফেলছেন। শিক্ষার্থীরাও শাস্তির ভয়ে বিদ্যালয়ে যেতে চাচ্ছে না।হূদয় হাসান বলে, ‘স্যার আমরারে খুব মারে। এর লাইগ্যা স্কুলে যাইতে ডর লাগে।’ হূদয়ের মা লায়েজা খাতুন বলেন, ‘নির্যাতনের শিকার হূদয়সহ অনেকেই ভয়ে এখন স্কুলে যেতে চাচ্ছে না। এ জন্য দায়ী শিক্ষকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’পঞ্চম শ্রেণীর ছাত্র সুমন মিয়ার মা শামসুন্নাহার জানান, ‘সুমনের হাতে প্রধান শিক্ষক এমনভাবে বেত্রাঘাত করেছেন যে সে কয়েক দিন হাত দিয়ে ভাত খেতে পারেনি।’গ্রামের আবদুল খালেক নামের এক ব্যক্তি বলেন, ‘বিদ্যালয়টিতে লেখাপড়ার বদলে যেন শাস্তি শেখানো হচ্ছে। শিক্ষার্থীদের ওপর এ ধরনের নির্যাতনের কারণে অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন।’ তিনি আরও বলেন, উপবৃত্তির তালিকা থেকে শিক্ষার্থীদের নাম বাদ দেওয়ার হুমকি দেন প্রধান শিক্ষক। তাই ওই শিক্ষকের বিরুদ্ধে ভয়ে কেউ অভিযোগ করতে চান না।এলাকার সাবেক ইউপি সদস্য সুরুজ আলী বলেন, প্রধান শিক্ষক নূরুল হকের বিরুদ্ধে এ ধরনের নির্যাতনের অভিযোগ আগেও ছিল। তিনি এই শিক্ষককে দ্রুত বদলির দাবি করেন।অভিযোগের ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য প্রধান শিক্ষক নূরুল হকের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। শিক্ষার্থীদের যেকোনো ধরনের শাস্তি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই প্রধান শিক্ষকের চাকরি থাকবে না।নেত্রকোনা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুক্তার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের এভাবে মারধর করা অন্যায়। সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য শিক্ষকদের বলে দেওয়া হয়েছে। শিগগিরই দায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।