শাস্তি থেকে রেহাই পেতে বিয়ে!
অবৈধভাবে গর্ভপাত করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল কিশোরীটি। শাস্তির হাত থেকে রক্ষা পেতে তড়িঘড়ি করে সালিসের আয়োজন করেন তার কথিত প্রেমিক। সালিসে মেয়ের সঙ্গে ওই কথিত প্রেমিকের বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে একই সঙ্গে ওই কিশোরীকে ১৫ শতাংশ জমি লিখে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়। ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গত মে মাসে ঘটেছে। তবে আজও এই কথিত প্রেমিক কিশোরীকে ঘরে তুলে নেননি এবং ১৫ শতাংশ জমিও লিখে দেননি।সরেজমিনে ঘটনাস্থল উপজেলার মহেষপুর গ্রামে গিয়ে জানা যায়, উপজেলার কাশিমপুর গ্রামের আবদুল গফুরের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত ওই কিশোরী। এক দিন গৃহকর্তার ছেলে লোকমান হোসেন (২৫) ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই কিশোরীর সঙ্গে মেলামেশা করতে থাকেন বলেও অভিযোগ করা হয়। একপর্যায়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে গত ১ মে লোকমান গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে ওই কিশোরীর গর্ভপাত করানোর ব্যবস্থা করেন। এ ঘটনায় ওই কিশোরী ওই দিনই ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। লোকমান অবস্থা বেগতিক দেখে গত ২ মে এক সালিসের আয়োজন করেন।জানা যায়, সালিসে ১৫ শতাংশ জমি দিয়ে লোকমানকে বিয়ে করতে হবে বলে সিদ্ধান্ত দেন সালিসকারীরা। সে অনুযায়ী ১০ মে ওই এলাকার কাজীর সহকারী মো. মারফত আলীকে ডেকে লোকমানের সঙ্গে ওই কিশোরীর বিয়ে পড়ানো হয়। লোকমানদের বাড়িতেই এ বিয়ের আয়োজন করা হয়। সালিসে উপস্থিত মেয়ের মামা জানান, লোকমানের বন্ধু বাচ্চু ও রঞ্জন মিলে এই সালিসের আয়োজন করেন। সালিসের সভাপতি মো. মতিউর রহমান বলেন, ‘সালিসে তখন জমি দেওয়া ও মেয়েকে লোকমানের বাড়িতে নেওয়ার কাগজপত্রও তৈরি করা হয়েছিল। এখন না দিলে আমাদের কী করার আছে?’অভিযুক্ত লোকমান বলেন, ‘এলাকার লোকজনের সিদ্ধান্তে বিয়ে করেছি। এখন তো আর কোনো অভিযোগ থাকার কথা না।’ জমি লিখে না দেওয়া ও ওই কিশোরীর কোনো খোঁজখবর না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সময় হলে সবই হবে।’ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মেয়ের একটি অভিযোগ আমার কাছে আছে। কিন্তু বিয়ের কাগজ ও মীমাংসার কাগজ জমা দেওয়ায় কিছু করা সম্ভব হচ্ছে না।’