অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্টের কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, কতিপয় চিকিৎসক সেবার বদলে ব্যবসা হিসেবে নিয়েছেন চিকিৎসা পেশাকে। তাঁরা রোগীদের গিনিপিগ মনে করেন। যার কারণে আমিনুল ইসলামের মতো তরুণদের ভুগতে হচ্ছে।
অংশগ্রহণকারীরা দুই চিকিৎসকের শাস্তি দাবি করে বলেন, যদি এ ধরনের ঘটনায় শাস্তি হয় তাহলে অন্যরা সতর্ক হবেন।
অভিযুক্ত দুই চিকিৎসক হচ্ছেন সার্জন সুরমান আলী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক জি এম জাকির হোসেন। বর্তমানে দুই চিকিৎসক জামিনে রয়েছেন।