শাস্তি পাননি অভিযুক্তরা সংস্কারও হয়নি সড়কটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলার ফলে শরীয়তপুর-শিবচর সড়কে কীর্তিনাশা নদীর তীরে গত বছরের সেপ্টেম্বরে ভাঙন দেখা দেয়। এলাকাবাসী সড়ক মেরামত ও বালু উত্তোলনকারীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত নভেম্বরে অভিযোগ দিলেও এখন পর্যন্ত সড়কটি মেরামত করা হয়নি। স্থানীয় প্রশাসনও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর-শিবচর সড়কের রাজগঞ্জ এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলা হতো। স্থানীয় বালু ব্যবসায়ী আতাউর মল্লিক নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করতেন। অতিমাত্রায় বালু তোলার ফলে গত সেপ্টেম্বর মাসে পাকা সড়কে ভাঙনের সৃষ্টি হয়। তখন এলাকাবাসীর চাপে আতাউর মল্লিক বালু তোলা বন্ধ করে দেন। ২০০ মিটারজুড়ে সড়কটিতে ভাঙনের সৃষ্টি হয়। সড়কটির কাঁচা অংশ ও পাকা অংশের প্রায় ১০ ফুট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তখন সড়কটি রক্ষা করতে ২৫টি স্থানে রড ও বাঁশ দিয়ে বেঁধে রাখে। বর্তমানে সড়কটি দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করে না।রাজগঞ্জ গ্রামের আলী আকবর বলেন, এলাকাটি জেলা সদরের এত কাছে, তার পরও দীর্ঘদিন এখান থেকে অবৈধভাবে বালু তোলা হলো। অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।চরপাতানিধি গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।শরীয়তপুর-শিবচর সড়কের টেম্পোচালক আরিফুল বলেন, রাজগঞ্জ এলাকা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। যেকোনো সময় পুরো সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।বালু ব্যবসায়ী আতাউর মল্লিক বলেন, ‘গত বছর সড়কে ভাঙন দেখা দেওয়ায় বালু তোলা বন্ধ করে দিয়েছি। এখন কীর্তিনাশা থেকে বালু তোলা হয় না।’শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, সড়কটি সাময়িকভাবে মেরামতের জন্য ১১ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে। বর্ষা মৌসুমের আগেই কাজটি শেষ করা হবে। সড়কটির এ অংশে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করতে হলে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা প্রয়োজন।শরীয়তপুর সদরের ইউএনও শামিমা ফেরদৌস বলেন, ‘আমি এ কার্যালয়ে নতুন এসেছি। আগের অভিযোগের বিষয়টি বলতে পারব না। এখন সদর উপজেলায় কোথাও বালু তোলা হয় না।’