জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শাস্তি পুনর্বিবেচনার জন্য উপাচার্যের সঙ্গে ছাত্রলীগ সভাপতির সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতির পক্ষের ওপর সাধারণ সম্পাদকের পক্ষের হামলার ঘটনায় শাস্তি পাওয়া ২৩ নেতা-কর্মীর শাস্তি পুনর্বিবেচনার দাবিতে গতকাল রোববার নেতা-কর্মীদের নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যান সভাপতির পক্ষের নেতা-কর্মীরা। সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবস্থান করছেন। বেলা দুইটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমি মনে করি রাজনৈতিক কারণে এ শাস্তি দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ছাত্রলীগের যে ২৩ নেতা-কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে তাঁরা বিভিন্ন সময় মারধরের শিকার হয়েছেন। কিন্তু প্রশাসন তখন কোনো ব্যবস্থা নেয়নি। শাস্তির মাত্রাও বেশি হয়েছে। আমরা শাস্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছি।’
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ আগস্ট রাত সাড়ে চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে সাতজন আহত হন। এ ঘটনায় গত শনিবার রাতে সিন্ডিকেট সভায় ছাত্রলীগের ২২ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং এক নেতার সনদ স্থগিত করা হয়। এ ছাড়া ২৩ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন: মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে এম নুরুন নবী, সহসম্পাদক ইসতেহাদ আহমেদ, ছাত্রলীগের কর্মী ও পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কিশোর দাস এবং ইতিহাস বিভাগের একই বর্ষের ছাত্র মো. এখতে খায়রুজ্জামান। দুই বছরের জন্য বহিষ্কৃত ছাত্রলীগের সাত কর্মী হলেন: নৃবিজ্ঞান বিভাগের এম মইনুল হোসাইন, মার্কেটিং বিভাগের খোন্দকার নাঈম উল ইসলাম, আদেল আল নোমান, তানভীর আহমেদ, পরিবেশবিজ্ঞান বিভাগের রাজ প্রশাদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাদ্দাম হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের কাজী আবদুল্লাহ তোহা।
এ ছাড়া এক বছরের জন্য তিনজনকে, ছয় মাসের জন্য দুজনকে এবং পাঁচজনকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র রাসেল মাহমুদের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সনদ স্থগিত এবং সাময়িক সনদ প্রত্যাহার করা হয়েছে।
এর মধ্যে খায়রুজ্জামানকে এক লাখ ৬৪ হাজার ২০ টাকা, কে এম নুরুন নবীকে এক লাখ ৪৯ হাজার ৩৮৭ টাকা, কিশোর দাসকে ৮৮ হাজার ৭৭০ টাকা, এম মইনুল হোসাইনকে ৮২ হাজার ৮৪৯ টাকাসহ ২৩ জনকে মোট নয় লাখ ৫৬ হাজার ২৪০ টাকা জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ বলেন, ‘যারা হামলা করেছে তাদের শাস্তি হয়েছে।’
উপাচার্য ফারজানা ইসলাম বলেন, এখানে রাজনৈতিক উদ্দেশ্য নেই। অন্য ঘটনাগুলোরও বিচার করা হবে। কিন্তু এ হামলার ঘটনায় ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা বেশি হওয়ায় এর বিচার আগে করা হয়েছে।