পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে শিক্ষার্থীরা গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেন।
এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গত সোমবার থেকে ক্যাম্পাসে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুজ্জামান সোহাগসহ সাতজন শিক্ষার্থীর সই করা স্মারকলিপিতে বলা হয়, নিঃশর্তভাবে সবার বহিষ্কারাদেশ, সতর্কীকরণ নোটিশ, মুচলেকা, অর্থদণ্ড, অনার্স সনদপত্র বাতিলের কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার এবং মাস্টার্সে ভর্তির নিষেধাজ্ঞা বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ বন্ধসহ ১০ দফা দাবি পেশ করে দাবি মানার জন্য গতকাল বিকেল চারটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী বলেন, আলোচনা সফল হয়েছে।
তবে ছাত্রদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সোহাগ বলেন, এখনো সব দাবি মেনে নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
বিকেলে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। এ ছাড়াও ছাত্রদের সঙ্গে সমঝোতার জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন অধ্যাপক আলী আসগর ভূঁইয়াকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
র্যাগিংকে কেন্দ্র করে সংঘর্ষ, মারামারিসহ পৃথক তিনটি ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রকে সাময়িক বহিষ্কারসহ ৬২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা ওই নোটিশের পর ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।