শাস্তি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মৌন অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস সাত দিন বন্ধ থাকার পর গতকাল রোববার খুলনা বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে বেশির ভাগ ডিসিপ্লিনে ক্লাস হয়নি। কারণ, বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে চার শতাধিক সাধারণ শিক্ষার্থী গতকাল ক্লাস বর্জন করে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তিন রাস্তার মোড়ে রাস্তায় বসে শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে দুপুর একটা ২০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। তবে সংবাদ সংগ্রহের জন্য কোনো সাংবাদিককে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব সংগঠনের কার্যক্রম স্থগিত থাকবে। অপ্রীতিকর এক ঘটনা নিয়ে গত ৬ এপ্রিল হল ত্যাগসহ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার, সাতজনকে দুই বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের জন্য বহিষ্কার, ১৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা করে জরিমানা এবং ১০ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। শিক্ষার্থীরা জানান, নিরপরাধ ওই ৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে গতকাল তাঁরা বিকেল পাঁচটা পর্যন্ত মৌন কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে দুপুর একটা ২০ মিনিটে কর্মসূচি স্থগিত করা হয়। শিক্ষার্থীরা জানান, উপাচার্য যেদিন ৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের ঘোষণা দেবেন, সেদিন থেকে তাঁদের কর্মসূচি বন্ধ করা হবে।শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, কর্মসূচি ব্যর্থ করতে কয়েকটি ডিসিপ্লিনের শিক্ষকেরা শিক্ষার্থীদের ক্লাস করতে বাধ্য করেছেন। ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আটকে ক্লাস নেওয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শনিবার থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল অর্ধশতাধিক পুলিশ ছাত্রদের দুটি হলসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। শিক্ষার্থীদের পরিচয়পত্র বা মেডিকেল কার্ড বা লাইব্রেরি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হয়নি। সহ-উপাচার্য পূর্ণেন্দু গাইন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের উপস্থিতি ভালো ছিল। তবে প্রথম দিন বলে একটু ঢিমে তালে সব ক্লাসই হয়েছে। আশা করছি, কাল (সোমবার) থেকে সব ঠিক হয়ে যাবে।’ মৌন কর্মসূচির ব্যাপারে তিনি বলেন, ‘অল্প কিছু শিক্ষার্থী ক্লাসের বাইরে আছে। তবে আমাদের কাছে তারা কোনো দাবি নিয়ে আসেনি।’উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ্ সাংবাদিকদের বলেন, ‘শাস্তি পাওয়া শিক্ষার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। আপিল করলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।’