শাস্তি বাড়িয়ে হোটেল-রেস্তোরাঁ বিল সংসদে
শাস্তির মাত্রা বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল, ২০১৪ আজ মঙ্গলবার সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এ-সংক্রান্ত বিদ্যমান আইনে শর্তভঙের সর্বোচ্চ শাস্তি পাঁচ হাজার টাকা জরিমানা। প্রস্তাবিত আইনে আইনে ৬ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে।
এই আইন কার্যকর হলে হোটেলে পানীয় ও খাবারের রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। তিন তারকা বা তার চেয়ে উঁচু মানের হোটেল করতে হলে সরকারের অনাপত্তিপত্র লাগবে।
বিলে প্রতিবছর লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, জেলা প্রশাসক বা সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হোটেল-রোস্তোরাঁর নিয়ন্ত্রক হিসেবে কাজ করবেন। সংক্ষুব্ধ ব্যক্তি ক্রেতাসেবা ও মান নিয়ে নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করতে পারবেন। নিয়ন্ত্রক নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তদন্ত করে ব্যবস্থা নিতে পারবেন।
এ ছাড়াও আজ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা শিথিল করে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০১৪ সংসদে উত্থাপিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি সংসদে উত্থাপন করলে তা পাঁচ দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, পরমাণু শক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে পর্যাপ্ত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে চেয়ারম্যান ও সদস্য নিযুক্ত হবেন। তবে শর্ত থাকে যে, বিদ্যুত্ উত্পাদন ও সঞ্চালন বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে একজন সদস্য নিয়োগ করা যাবে।