শাস্তি যাবজ্জীবন, প্রয়োগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ট্রেনের যাত্রীদের পাথর ছুড়ে আহত করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে। এ দেশে চলন্ত ট্রেন লক্ষ্য করে হামেশা পাথর ছোড়ার ঘটনা ঘটলেও এ আইনের কোনো প্রয়োগ দেখা যায় না। এসব ঘটনায় মানুষ আহত হচ্ছে, ট্রেনের ক্ষতি হচ্ছে। সবশেষ গত শনিবার প্রাণ হারিয়েছেন প্রীতি দাশ নামের একজন প্রকৌশলী।

বাংলাদেশ রেলওয়ের অন্যতম পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম বলেছেন, রেলের খাতায় অন্তত ২৪টি জায়গাকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এসব জায়গায় নিয়মিত ট্রেনের গ্লাস ভাঙে, যাত্রীরা আহত হয়। তিনি বলেন, ট্রেনের সম্পত্তি দেখার দায়িত্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হলেও ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রেল পুলিশের।

রেলওয়ে পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ১৮৬২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে যখন রেললাইন স্থাপিত হয়, তখন থেকেই এর ওপর ১৪৪ ধারা জারি আছে। কিন্তু বাস্তব অবস্থা হলো, রেললাইনের পাশে সারি বেঁধে বস্তি বসানো হয়, রেললাইনের ওপর বাজার বসে, রেললাইনের ওপর মাদক সেবন ও ব্যবসা চলে। তাই আইন প্রয়োগ করতে গেলে প্রতিদিন শত শত লোককে গ্রেপ্তার করতে হয়। মানুষের জন্যই আইন এখানে শিথিল।

রেলওয়ে পুলিশের (পূর্বাঞ্চল) সুপার মো. নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে এ সমস্যার সমাধান হবে না। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশে কখন কোথায় কে পাথর ছুড়ল, সেটি চিহ্নিত করা কঠিন।   

নাম প্রকাশ করতে চাননি রেলওয়ে ও পুলিশের এমন কর্মকর্তারা আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় উদ্দেশ্যমূলকভাবে পাথর ছোড়া হয়। মাদক ও অন্যান্য পণ্য পাচারকারীদের সঙ্গে রেলের কিছুসংখ্যক কর্মচারীর যোগসাজশ রয়েছে। জায়গামতো ট্রেন না থামালে পাচারকারীরা পাথর ছোড়ে। পুলিশ কেন ব্যবস্থা নেয় না, জানতে চাইলে রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন, একটি ১৭-১৮ বগির ট্রেনে পুলিশ থাকে তিনজন, সর্বোচ্চ পাঁচজন। পাচারকারীরা এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে শুরু করলে যাত্রীদের বাঁচানো মুশকিল হয়ে পড়ে।

এই হামলা কতটা ব্যাপক: বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রকৌশলী প্রীতি দাশ মারা গেছেন; এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কয়েক দিন আগে ট্রেনের চালক ও পরিচালক গুরুতর আহত হয়েছেন। ৫ আগস্ট থেকে তাঁরা চিকিত্সাধীন। আহত ব্যক্তিদের তালিকায় ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন।’ সূত্রগুলো বলছে, প্রতি সপ্তাহে কেউ না কেউ আহত হচ্ছে। তবে নিহত হওয়ার ঘটনা ১৯৯৭ সালের পর এই প্রথম।

ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা এ এম সালাউদ্দিন বলেছেন, কমলাপুর স্টেশন থেকে ট্রেন বেরোনোর পর ঢাকা ছাড়ার আগেই তেজগাঁও ও মহাখালীতে পাথর ছোড়া হয়। চলন্ত ট্রেনে ছোড়া হয় বলে কাউকে ধরাও যায় না। মানুষ সচেতন না হলে খুব একটা কিছু করার নেই। 

পাকশী (ঈশ্বরদী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বলেন, ঢিল ছোড়ার ঘটনা কমাতে তাদের কমিটি গঠন করতে হয়েছে। রেলওয়ে পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে কমিটি  আছে। সেগুলো নিয়মিত লিফলেট বিলি করে। একই হাল লালমনিরহাটের। সহকারী ট্রাফিক সুপার মো. সাজ্জাদ হোসেন জানান, গাইবান্ধা থেকে রংপুর এক্সপ্রেসে নিয়মিত পাথর ছোড়া হয়। 

আইনের প্রয়োগ নেই: রেলওয়ে অ্যাক্ট ১৮৯০-এর ১২৭ ধারায় বলা হয়েছিল, যাত্রীদের ক্ষতি হতে পারে জেনেও কেউ যদি পাথর ছোড়ে, তাহলে তাকে নির্বাসনে পাঠানো হবে বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে বা সর্বনিম্ন ১০ বছরের জেল দেওয়া হবে।

বাদ গেছে নির্বাসন: বিদ্যমান আইনে নির্বাসনের অংশটুকু শুধু তুলে দেওয়া হয়েছে। রেলওয়ে কর্মকর্তাদের মতে, আইনটি কঠোর। কেউ মারা গেলে ৩০২ ধারায় মামলার বিধান আছে। কোনো শিশু ঢিল ছুড়লে তার বাবা-মাকে জরিমানা করার বিধান আছে। তবে এর প্রয়োগ নেই বললেই চলে।

পুলিশ বলেছে, যারা পাথর ছোড়ে, তাদের সিংহভাগই অল্পবয়স্ক। তাই না দেখার ভান করে পুলিশ। তাদের লোকসংকটও প্রকট।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, প্রতিদিন ট্রেনে দুই লাখের বেশি যাত্রী যাতায়াত করে। তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা রেল পুলিশের সদস্যসংখ্যা মাত্র এক হাজার ৪০০।