শাস্তিমূলক ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস অয়েলে চট্টগ্রামে নদী ও সমুদ্র দূষণের ঘটনা বারবার ঘটলেও বিদ্যুৎকেন্দ্র কিংবা সংশ্লিষ্ট পক্ষগুলো পার পেয়ে যাচ্ছে। ফার্নেস অয়েল পরিবহন এবং ব্যবহারে অধিদপ্তরের বেশ কিছু নির্দেশনা দেওয়া হলেও সরকারি প্রতিষ্ঠান হওয়ায় রেলওয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
সর্বশেষ গত বুধবার সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনের কাছে বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস অয়েলবাহী ট্যাংকার দুর্ঘটনায় আশপাশের পরিবেশ দূষিত হয়েছে। এ সময় ৫০ হাজার লিটার তেল আশপাশের মাটি, কৃষিখেত এবং খালে ছড়িয়ে পড়ে। এই তেলগুলো পার্শ্ববর্তী খাল হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, তেল পড়ার কারণে খালে মাছ মরে গেছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে তেলগুলো গিয়ে পড়ছে সমুদ্রে। পরিবেশ অধিদপ্তরও সরেজমিনে বিষয়টি দেখেছে।
১০০ মেগাওয়াট দোহাজারী কালিয়াইশ পিকিং পাওয়ার প্লান্টের জন্য এসব ফার্নেস অয়েল নিয়ে যাওয়া হচ্ছিল। একই বিদ্যুৎকেন্দ্রে অনুরূপভাবে তেল পরিবহনের সময় গত বছরের ৩১ জুলাই কালুরঘাট সেতু এলাকাসংলগ্ন বোয়ালখালী অংশে ট্রেন লাইনচ্যুত হয়েছিল। ওই সময় প্রায় ৬০ হাজার লিটার তেল পাশের কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছিল।
বিষয়টি স্বীকার করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. জাফর আলম বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখছে। কিন্তু আমরা দেখছি পরিবেশের হুমকি হিসেবে। এখন দূষণ হয়ে গেছে। এবার সিগন্যাল অমান্য করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা রেলওয়েকে তেল পরিবহনের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছি। এ ছাড়া এই ধরনের দুর্ঘটনার পর আপৎকালীন ব্যবস্থার বিষয়ে প্রস্তুতির জন্য তাদের বলছি।’
জানা গেছে, সরকারি প্রতিষ্ঠান হওয়ায় রেলওয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। গতবারের দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তর পরিবহনের বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছিল। এর মধ্যে রেললাইন মেরামত, পরিবহনের ক্ষেত্রে অধিক সতর্কতা অন্যতম। সে অনুযায়ী কালুরঘাট দোহাজারী রেললাইন মেরামতের কাজও হয়েছে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রগুলোকেও তেল ব্যবহারের সময় সতর্কতা হিসেবে নির্দেশনা দেয় অধিদপ্তর।
সূত্রে জানায়, পরিবহনের সময় ছাড়াও বিদ্যুৎকেন্দ্রে তেল আনলোড এবং ব্যবহার করার সময় দূষণের ঘটনা ঘটছে। ২০১২ সালের মে মাসে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েল খালাস করার সময় বেশ কিছু তেল চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে গিয়ে পড়েছিল। এরপর পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ওই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছিলেন। পরবর্তীকালে মন্ত্রণালয় থেকে ওই জরিমানা ক্ষমা করে দেওয়া হয়। হাটহাজারী পিকিং প্লান্ট এখন পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেছে বলে জানা গেছে।
জানা গেছে, ওই ঘটনার পর হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রটি পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন জানায়। কিন্তু এখনো শতভাগ দূষণমুক্ত না হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়নি।