শাস্তির আশঙ্কায় শুনানির আগেই আদালত থেকে পালালেন পিজিসিবির সাবেক উপব্যবস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি মামলায় গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সাবেক উপব্যবস্থাপক মো. আরশাদ হোসেন। পরে শাস্তির আশঙ্কা দেখে শুনানির আগেই আদালত থেকে পালিয়ে যান তিনি।

সম্পদ বিবরণী দাখিল না করায় আজ সোমবার মো. আরশাদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মো. আতাউর রহমান এই দণ্ডাদেশ দেন।

এ মামলার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, রোববার আদালতে হাজিরা দিয়ে শুনানির আগে পালিয়ে যান তিনি। আদালত তাঁকে পলাতক দেখিয়ে এই রায় ঘোষণা করেন। রায়ে জরিমানার ৫০ লাখ টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণ করার তারিখ থেকে এই রায় কার্যকর হবে।

২০১০ সালের ২ মে আরশাদ হোসেনের সম্পদের হিসেবে চেয়ে দুদক নোটিশ দেয়। ওই বছরের ৪ মে আরশাদ হোসেন নোটিশ গ্রহণ করে সাত দিনের সময় নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব বিবরণী দুদকে জমা না দেওয়ায় ২৮ জুন কমিশন মামলা করার অনুমোদন দেয়। পরদিন ধানমন্ডি থানায় নন সাবমিশনে মামলা করা হয়। পরে ২০১২ সালের ৫ আগস্ট আরশাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।