শাস্তির এ কী রূপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামে গতকাল রোববার দুই তরুণ-তরুণীকে মাথার চুল কেটে চুনকালি দিয়ে ঘুরিয়েছে গ্রামবাসী। বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করার পর তাঁরা পরস্পর দেখা করায় গ্রামবাসী তাঁদের এ রকম শাস্তি দেয়। ওই গ্রামের কয়েকজন বাসিন্দার ভাষ্যমতে, তিন মাস আগে তাঁরা বিয়ে করেন। কিন্তু গত ১৫ দিন আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এর পরও তাঁরা মাঝেমধ্যে বিভিন্ন স্থানে দেখা করতেন। গ্রামের বাসিন্দাদের ভাষ্যমতে, গতকাল বিকেল চারটার দিকে তাঁরা ভোলপাড়া গ্রামের রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন। এমন সময় গ্রামের কিছু ব্যক্তি তাঁদের আটক করে। এরপর স্থানীয় নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজুর রহমানের বাড়িতে নিয়ে তাঁদের বেঁধে রাখা হয়। পরে রাত আটটার দিকে ওই বাড়িতে সালিস বসে। রাত সাড়ে নয়টার সময় সালিসে ইউপি সদস্য রায় দেন যে তাঁদের দুজনের চুল কেটে চুনকালি দিয়ে গ্রামে ঘোরাতে হবে। রায় অনুযায়ী কাটা হয় চুল। এরপর চুন আর ‘পোড়া মবিল’ লাগানো হয়। এরপর সালিসের স্থান ঘুরিয়ে তাঁদের কোলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে হাফিজুর রহমান জানান, তিনি একা এটা করেননি। গ্রামের মানুষ সবাই মিলে এই বিচার করেছেন। তিনি ইউপি সদস্য হওয়ায় তাঁর বাড়িতে সালিস হয়েছে। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, এজাতীয় বিচার করার অধিকার কারও নেই।