শাস্তির দাবি, তদন্ত কমিটিপ্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে একই পরিবারের চারজনকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক শামীম রেজার মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেছে তাঁর পরিবার। তাঁরা ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি করেন।

শামীমের পরিবার অভিযোগ করছে, দাবির ১০ লাখ টাকা না পাওয়ায় সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান তাঁদের বাসায় শামীমকে সাত দিন আটকে নির্যাতন করে হত্যা করেছেন। পুলিশি হেফাজতে গত বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শামীমের মৃত্যু হয়।

অরূপ ও আতিকুরের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃষ্টির মধ্যেও বিক্ষোভে শত শত লোক অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মেঘনাঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শামীমের বড় ভাই ইকবাল হোসেন অভিযোগ করেন, ‘আমার ভাইকে যে নির্যাতন করে হত্যা করা হয়েছে, সুরতহাল প্রতিবেদনে সে কথার উল্লেখ করা হয়েছে।’ জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘তদন্ত কমিটির একজন সদস্য আমার ভাইকে নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত। অভিযুক্ত পুলিশ সদস্যদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্যই পুলিশ লোক দেখানো তদন্ত কমিটি করেছে।’

গত বুধবার রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উত্তম কুমার ও কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান আশরাফুজ্জামান বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’

অনুসন্ধানে জানা গেছে, গত ১৯ এপ্রিল উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রীসহ চার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক অরূপ। এই সুযোগে তিনি সোনারগাঁয়ের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীসহ ১০ জনকে ধরে তাঁর বাসায় আটকে রাখেন। পরে হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে এবং নির্যাতন করে তাঁদের কাছ থেকে অর্থ আদায় করে ছেড়ে দেন। পুলিশের ভয়ে তাঁরা নাম প্রকাশ করতে রাজি হননি।

থানার আশপাশের অনেক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, থানার ভেতর পুলিশ কর্মকর্তাদের থাকার ভবনটির ছাদে কয়েক মাস ধরে রাতে মাঝেমধ্যে কান্নার শব্দ শোনা যায়। অনেক সময় গভীর রাতে কান্নায় ঘুম ভেঙে যায়। কান্নার শব্দ শুনে মনে হয়, কারও ওপর নির্যাতন চালানো হচ্ছে।

সর্বশেষ ১৬ মে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে মো. আলম নামের এক যুবককে ধরে আনা হয়। তাঁকে অরূপের বাসায় সাত দিন আটক রেখে গত মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়। অরূপ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ভবনের ছাদে নিয়ে কারও ওপর নির্যাতন চালাইনি।’