শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে স্কুলছাত্রী বৃষ্টিকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। উপজেলার নাহারখিল গ্রামে বৃষ্টিদের বাড়ির পাশেই এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসীর সঙ্গে বৃষ্টির স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।গত শুক্রবার দুপুরে বৃষ্টি স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। ওই দিন রাত সাড়ে নয়টায় গ্রামের একটি বাগানবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাবা সৌদিপ্রবাসী আবদুর রহিম। এ ঘটনায় শনিবার রাতেই বৃষ্টির ফুফা চাটখিল থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন। এদিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গত শনিবার রাতে মো. সেলিম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চাটখিল থানার পুলিশ জানায়, সেলিমের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। নাহারখিল গ্রামের রাজা মিয়ার মেয়েকে বিয়ে করেন তিনি। ছয় মাস ধরে তিনি শ্বশুরবাড়িতে থাকছেন। নাহারখিল গ্রামের ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. শাহীন আলম বলেন, ‘আমরা প্রশাসনের কাছে জঘন্য এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।’ বৃষ্টি ওই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।মামলার তদন্ত কর্মকর্তা ও চাটখিল থানার উপপরিদর্শক খন্দকার আজাদুল ইসলাম বলেন, ঘটনার দিন স্কুলে গিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সেলিম তার পিছু নিয়েছিল। সেলিমকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।