
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
রাজধানীসহ অন্তত ১৫টি জেলার ২৫টি স্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ময়মনসিংহ ও মানিকগঞ্জে বিভিন্ন সংগঠন বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে।
বিভিন্ন আয়োজনে বক্তারা বলেন, সেনানিবাসের মতো এলাকায় এ রকম হত্যার ঘটনা সত্যিই উদ্বেগজনক। এ হত্যাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এ দেশে একজন নারী কতটা অনিরাপদ।
২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় তনুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
কুমিল্লায় তনু মঞ্চ: ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার প্রাঙ্গণকে ‘তনু মঞ্চ’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কর্মীরা এই ঘোষণা দেন। একই সঙ্গে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের যত দিন পর্যন্ত গ্রেপ্তার করা না হবে, তত দিন এ মঞ্চ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
হত্যার প্রতিবাদে গতকাল সকালে কুমিল্লা শহরতলির নোয়াপাড়া এলাকায় ন্যাশনাল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
৪৮ ঘণ্টা সময়: গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে তনু হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন ছাত্র ইউনিয়নের নেতারা। সংগঠনটির সাধারণ সম্পাদক জি এম জিলানী বলেন, ৩০ মার্চের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে তাঁরা এ হত্যাকাণ্ডের ঘটনায় ‘প্রধানমন্ত্রীর নির্লিপ্ততা’র কারণ জানতে ৩১ মার্চ টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। এ ছাড়া আজ মঙ্গলবার বিকেল চারটায় রাজু ভাস্কর্যের সামনে ‘সর্বজন প্রতিবাদ সমাবেশ’, সন্ধ্যা ছয়টায় মশাল মিছিল ও আসামিরা গ্রেপ্তার না হলে ৪ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করা হবে।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সাহসী হোন, রুখে দাঁড়ান’ স্লোগানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তার অংশগ্রহণে মানববন্ধন করা হয়। মানববন্ধন করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা। ইডেন কলেজের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ইডেন কলেজ শাখা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি-সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে কলেজের মূল ফটকের সামনে জড়ো হন।
বিক্ষোভ-মানববন্ধন: হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সকালে নগরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন হয়। একই দাবিতে সিদ্ধিরগঞ্জে তরুণ ছাত্র সংঘের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ।
রাজশাহীর নয়টি রোটার্যােক্ট ক্লাবের সমন্বয়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সকাল ১০টায় কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নগরের লামাবাজার এলাকায় সিলেট মদনমোহন কলেজের কয়েক শ শিক্ষার্থী তনু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন।
গতকাল সকালে বরিশাল শহরের অশ্বিনী কুমার হল ও ব্রজমোহন কলেজে পৃথক কর্মসূচির মাধ্যমে তনু হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট, লাল সবুজ ফাউন্ডেশন, ইয়ুথ অ্যান্ড হাঙ্গার বাংলাদেশ এবং ব্রজমোহন কলেজ ফটোগ্রাফি ক্লাব পৃথকভাবে কর্মসূচি পালন করে। ব্রজমোহন কলেজে বিক্ষোভ মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
এ ছাড়া মানববন্ধন, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভীবাজার, দিনাজপুর, চুয়াডাঙা, মানিকগঞ্জে।
আসকের উদ্বেগ: তনু হত্যার ঘটনায় তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়রানি করছে এবং স্বীকারোক্তি আদায়ে চাপ দিচ্ছে এমন অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিবার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে।