শাস্তির বদলে পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় অংশ না নিলেও এক পরীক্ষার্থীকে নম্বর দেওয়ার অভিযোগ রয়েছে একজন শিক্ষকের বিরুদ্ধে। পুরোনো গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশের কথা থাকলেও সেই শিক্ষক অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে ফলাফল দিয়েছেন। আবার বিভাগের সংস্কৃত বিষয়ের দ্বিতীয় বর্ষের একটি কোর্সে মোট ১৯ শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন না করেই প্রথম পরীক্ষকের দেওয়া নম্বরই দ্বিতীয় পরীক্ষক হিসেবে হুবহু দিয়েছেন তিনি। সেই তিনি হচ্ছেন প্রাচ্য ভাষা (পালি ও সংস্কৃত) বিভাগের শিক্ষক শান্তি রানী হালদার।বিভাগের এ শিক্ষকের বিরুদ্ধে উপরিউক্ত অভিযোগগুলো এনে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যসহ বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। প্রথম আলোয় এ নিয়ে ১৪ ডিসেম্বর ‘এক পরীক্ষার্থী তবুও ফলাফলে অসংগতি’ এবং ১৮ ডিসেম্বর ‘প্রথম পরীক্ষককে অনুসরণ করলেন দ্বিতীয় পরীক্ষক’ শীর্ষক দুটি প্রতিবেদনও প্রকাশিত হয়। কিন্তু টনক নড়েনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। অভিযোগ পাওয়ার প্রায় এক মাস হয়ে গেলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্টো নতুন সৃষ্ট ‘সংস্কৃত বিভাগে’র প্রথম সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে এই বিতর্কিত শিক্ষককে। ১ জানুয়ারি শান্তি রানী হালদারের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা। এ নিয়ে বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘ঐতিহ্যগতভাবে জ্যেষ্ঠতার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে সভাপতি মনোনয়ন দেওয়া হয়। এর ভিত্তিতেই শান্তি রানী হালদারকে সভাপতির দায়িত্ব পাচ্ছেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তেমন কোনো এখতিয়ার থাকে না। তবে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা তদন্ত করতে আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে দায়িত্ব দিয়েছি। তাঁর সুপারিশের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১২ সালের মে মাসে প্রাচ্য ভাষা বিভাগকে ভাগ করে পালি ও সংস্কৃত নামে আলাদা দুটি বিভাগের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের একাধিক ভুক্তভোগী শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, বিভাগে একাধিক জ্যেষ্ঠ শিক্ষক থাকা সত্ত্বেও শান্তি রানী হালদারের মতো একজন বিতর্কিত শিক্ষককে কেন সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে? এই সিদ্ধান্তের ফলে বিভাগে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।২০১১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৭৮তম সিন্ডিকেটে পরীক্ষার কাজে মনযোগী হওয়ার জন্য শান্তি রানী হালদারকে সতর্ক করে দেওয়া হয়।