প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার এক আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন৷
রিট আবেদনে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে৷
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ রিটটি করেন৷ তিনি প্রথম আলোকে বলেন, আগামী রোববার এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে৷
সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক আলোচনা চলছে৷ এ ছাড়া বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে৷ এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রিটে যুক্ত করা হয়৷
রিট আবেদনে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাবজ্জীবন শাস্তির বিধান রেখে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ নামে নতুন আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে৷ আবেদনে শিক্ষাসচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে৷