শাস্তির বিধান রেখে জীববৈচিত্র্য আইনের খসড়া অনুমোদন
জীববৈচিত্র্যের ক্ষতি করলে সর্বোচ্চ পাঁচ বছর ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৩’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার পর্বেক্ষণের আলোকে পরিমার্জন শেষে প্রস্তাবিত আইনটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা আবার মন্ত্রিসভায় আসবে।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ। এই আইনটি করার জন্য জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতি ছিল। এই আইনের লঙ্ঘনকে অপরাধ হিসেবে গণ্য হবে এবং শাস্তির বিধান রয়েছে।
বিনা অনুমতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জীববৈচিত্র্যে হস্তক্ষেপ করলে বা জীববৈচিত্র্যের ক্ষতি করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা হবে। তবে ক্ষতির পরিমাণ বেশি হলে জরিমানার পরিমাণ বাড়ানো যাবে।
একদিকে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের উপাদানের টেকসই ব্যবহারের জন্য এই আইনটি করা হয়েছে বলে মোশাররফ হোসেন ভূঁইয়া জানান।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আইনটি বাস্তবায়নের জন্য একটি জাতীয় কমিটি থাকবে। এই কমিটিকে সহযোগিতা করতে একটি কারিগরি কমিটি ও একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। স্থানীয় পর্যায়ে ব্যবস্থাপনা কমিটির কাজ করার কথাও আইনে বলা আছে। তবে কাদের নিয়ে জাতীয় কমিটি হবে, সেটা বিধি দ্বারা নির্ধারিত হবে। জাতীয় কমিটির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা সংস্থা জীববৈচিত্র্য ব্যবহারের জন্য অনুপ্রবেশ করতে পারবে না এবং জীববৈচিত্র্যের ব্যবহারের ফল ব্যবহার করা যাবে না।
এ ছাড়া সভায় আজারবাইজানের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজারবাইজানের সঙ্গে সংস্কৃতি বিনিময় চুক্তি হলে সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি ও ক্রীড়ার ক্ষেত্রে দেশটির সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান বৈঠকে অবহিত করেন, তিনি জাতিসংঘ মানব বসতি কর্মসূচির গভর্নিং কাউন্সিলের ২৪তম অধিবেশনে যোগ দিতে নাইরোবি সফর করেছেন।
আবদুল মান্নান আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে জাতিসংঘ ঢাকায় ইউএন হ্যাবিট্যাট অফিস স্থাপন করা হবে।