শাস্তির সুপারিশ করে অতিরিক্ত দায়িত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে একটি ট্রান্সফরমার খুলে বিক্রির সময় জনতার কাছে হাতেনাতে সহযোগীসহ ধরা পড়েন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হাটহাজারীর ভান্ডাররক্ষক নুরুল্লাহ কবির। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি তাঁকে দায়ী করে বিদ্যুৎ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর সময় নুরুল্লাহ কবিরের শাস্তির সুপারিশ করেন চট্টগ্রাম পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার। এ সুপারিশ বাস্তবায়নের আগে রইস উদ্দিনই তাঁকে চট্টগ্রামে পিডিবির সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ভান্ডার পদ দিয়ে ফৌজদারহাটে বদলি করেন। পাশাপাশি চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলীর ভান্ডারের অতিরিক্ত দায়িত্বও তাঁকে প্রদান করে আদেশ দেন।অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের কারণে রইস উদ্দিন চট্টগ্রামে তাঁর শেষ কর্মদিবসে সরাসরি এ বদলি আদেশ দেন। নিয়ম অনুযায়ী প্রশাসন শাখার উপপরিচালক এসব বদলির আদেশ তৈরি করেন। এরপর প্রধান প্রকৌশলী তাতে অনুমোদন দেন। কিন্তু রইস উদ্দিন সরকার চট্টগ্রামে শেষ কর্মদিবসে নিজেই এ আদেশ লেখেন।জানা যায়, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রইস উদ্দিন সরকারকে পিডিবির প্রধান প্রকৌশলী (সার্ভিসেস) হিসেবে ঢাকায় বদলি করা হয়। ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের নতুন প্রধান প্রকৌশলী হিসেবে ঢাকায় যোগ দেন স্বপন সাহা। কিন্তু রইস উদ্দিন তাঁকে দায়িত্ব না দিয়ে চট্টগ্রামের দাপ্তরিক দায়িত্ব পালন করে যান। ট্রান্সফরমার চুরির অভিযোগে হাটহাজারী এলাকার ভান্ডাররক্ষক নুরুল্লাহ কবিরের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন তিনি ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠান। তাতে তিনি নুরুল্লাহর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।ওই প্রতিবেদনে নুরুল্লাহ সম্পর্কে লেখা হয়, ‘বিদ্যুৎ বিভাগের সরঞ্জাম পাহারা দেওয়া যার কাজ, তিনিই এসব চুরির সঙ্গে জড়িত।’ এ ‘শাস্তিযোগ্য’ অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনেও সুপারিশ করা হয়। কিন্তু ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক আদেশে প্রধান প্রকৌশলী হিসেবে রইস উদ্দিন সরকার নিজেই নুরুল্লাহ কবিরকে ফৌজদারহাট ও প্রধান প্রকৌশলীর ভান্ডারের দায়িত্ব দেন। রইস উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘নুরুল্লাহ কবিরের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। এ তদন্ত প্রতিবেদন আমরা ঢাকায় পাঠিয়েছি। কর্তৃপক্ষ চাইলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সে চাকরি করছে। আমি শ্রমিক সংগঠনের চাপে পড়ে তাঁকে শেষ মুহূর্তে বদলি করতে বাধ্য হয়েছি।’ আর্থিক লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভান্ডাররক্ষক থেকে প্রধান প্রকৌশলী টাকা নিয়েছেন, এটা যদি কেউ বিশ্বাস করে থাকেন তাহলে আমার কী করার আছে?’এ প্রসঙ্গে চট্টগ্রাম পিডিবির সহকারী প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন চাওয়া হয়। এরপর তিন সদস্যের কমিটি ওই ঘটনা তদন্ত করে। পরে ওই প্রতিবেদন বিদ্যুৎসচিবের কাছে পাঠানো হয়।পিডিবি সূত্র জানায়, ভান্ডাররক্ষক পদটি তৃতীয় শ্রেণীর। পিডিবির হাটহাজারী বিক্রয় ও বিতরণ অঞ্চলে চাকরির আগে নুরুল্লাহ কবির চট্টগ্রামের পিসি পোল কারখানায়ও ভান্ডাররক্ষকের দায়িত্ব পালন করেন। ওই পদে চাকরি করেই চট্টগ্রাম শহর ও বান্দরবানে জমি কিনেছেন তিনি। আছে একাধিক ট্রাক। তবে নুরুল্লাহ কবির প্রথম আলোকে বলেন, ‘বান্দরবান শহরে আমার ১০ কাঠা জমি আছে। গাড়ির কথা আপনাকে কে বলেছে?’