ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন শাহ আজিজুর রহমানের নামে এবং খুলনার যশোর রোড খান এ সবুরের নামে নামকরণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। শিক্ষাসচিব, স্থানীয় সরকারসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও খুলনার মেয়রকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির রিটটি করেন। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী বেলাল হোসেন জয়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, আদালত ওই দুই অবকাঠামো তাঁদের নামে ডাকা স্থগিত করেছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে এভাবে নামকরণে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় কেন আনা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়।