শাহ আবদুল করিম লোক উৎসব শুরু ৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাউলসম্রাট’ হিসেবে খ্যাত শাহ আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩ মার্চ দুদিনব্যাপী লোক উৎসব শুরু হবে। সুনামগঞ্জের দিরাইরের উজানধলে শাহ আবদুল করিমের জন্মভূমিতে এ লোক উৎসবের আয়োজন করা হবে।
শাহ আবদুল করিম পরিষদের আয়োজনে এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে বেকারি পণ্য ব্র্যান্ড অলটাইম। সহযোগিতা করছে প্রাণ পটেটো ক্র্যাকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের অনেকেই বাউল শাহ আবদুল করিমের গানগুলো এ প্রজন্মের গায়কদের গাওয়া গান মনে করে ভুল করে। তাদের কাছে তাঁর কর্ম ছড়িয়ে দিতে এবং স্থানীয় সংস্কৃতিকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে প্রাণ-আরএফএল কোম্পানি প্রথমবারের মতো এই উৎসবের আয়োজনে যুক্ত হয়েছে।