শাহ আবদুল করিম লোকউৎসব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী পঞ্চম শাহ আবদুল করিম লোকউৎসব। এ উপলক্ষে বাউলসম্রাটের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের উজানধলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের বেলা ১১টায় উত্সবের উদ্বোধন করার কথা রয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, লোকউৎসব উপলক্ষে ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে বাউলসম্রাটের ভক্ত ও অনুসারীরা উজানধলে আসতে শুরু করেছেন। এবারই প্রথম শাহ আবদুল করিমকে ছাড়া এ অনুষ্ঠান হতে যাচ্ছে। উদ্বোধনের পরপরই বেলা সাড়ে ১১টায় শুরু হবে আলোচনা সভা। বেলা একটা থেকে ভোররাত পর্যন্ত চলবে বাউল গানের আসর। পরদিন শনিবার দুপুর ১২টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন হবে। সাড়ে ১২টায় হবে আলোচনা সভা। বেলা দেড়টা থেকে ভোররাত পর্যন্ত চলবে বাউল গানের আসর। দুই দিনের এই উৎসবের বিভিন্ন পর্বে অংশ নেবেন দেশবরেণ্য শিল্পী, বাউলগবেষক, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংসদেরা। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক। বাউলসম্রাটের অন্যতম প্রধান শিষ্য বাউল আবদুর রহমান বলেন, ‘বাবা (শাহ আবদুল করিম) জীবিত থাকতে কালনী নদীর তীরে দুই দিনের অনুষ্ঠান করতেন। দেশ-বিদেশ থেকে তখন বাউলেরা আসতেন। বাবার টানে আমরা এখানে ছুটে আসতাম। এখন তিনি আমাদের মধ্যে নেই। গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি মারা যান।’