‘বাউলসম্রাট শাহ আবদুল করিম অন্য বাউলদের চেয়ে আলাদা ছিলেন। গণমানুষের অধিকার ও সমাজচেতনা তাঁর গানে তীব্রভাবে উঠে এসেছে। মানবপন্থী এই বাউলসম্রাট সমকালীন সমাজ ও শ্রেণীসংগ্রামের সঙ্গে গানের চেতনাকে মিলিয়ে নিয়েছেন।’গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘কবি আবদুল গফ্ফার দত্তচৌধুরী স্মারক বক্তৃতা ২০১০’ অনুষ্ঠানে ‘বাউল কবি শাহ আবদুল করিমের জীবনার্থ’ শীর্ষক স্মারক বক্তৃতায় বক্তারা এ কথা বলেন। উপাচার্য সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মারক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শামসুল আলম ও আবদুল গফ্ফার দত্তচৌধুরীর ছেলে আলী মোস্তাফা চৌধুরী।অনুষ্ঠান সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন শিল্পী শামীম আহমদ, মিতালী চক্রবর্তী, শরদিন্দু ভট্টাচার্য প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল, ইয়াসমিন হক, সুশান্ত কুমার দাস, গল্পকার প্রশান্ত মৃধাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।