শাহ আবদুল করিমের জন্মশতবর্ষের উৎসব
বাউলসম্রাট শাহ আবদুল করিম যে নদীর তীরে দাঁড়িয়ে গান গাইতেন, যে নদীর মৃদুমন্দ ঢেউয়ের কলতান তাঁকে উদাস করত, সেই কালনী নদীর তীরে দুই দিনব্যাপী তাঁর জন্মশতবর্ষ উদ্যাপনের উৎসব হচ্ছে।
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে শতবর্ষ আগে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মেছিলেন শাহ আবদুল করিম। জন্মশতবর্ষ উদ্যাপনের বছরব্যাপী অনুষ্ঠানমালা করিমের জন্মভিটায় দুই দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে শেষ হচ্ছে। কালনী নদীর তীরে শাহ আবদুল করিমের বাড়ির আঙিনায় এই উৎসবের আয়োজন করেছে জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদ জাতীয় কমিটি। গত শুক্রবার রাত আটটায় উৎসবের উদ্বোধন হয়। সমবেত কণ্ঠে বাউল করিমের জনপ্রিয় গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম...’ পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটির আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ ছাড়াও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওমর ফারুক, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম, কামরুল ইসলাম প্রমুখ। এই উৎসব আয়োজনে সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।