চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে শিবিরের এক নেতা নিহত হওয়ার প্রেক্ষাপটে বন্ধ করে দেওয়া শাহ আমানত ছাত্রাবাস আগামী মাসে খুলছে। তবে এই ছাত্রাবাসের সব আসন বাতিল করা হয়েছে। নতুন করে আসন বরাদ্দ দিয়েই শিক্ষার্থী নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের সভাপতিত্বে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাসের প্রাধ্যক্ষ ও কমিটির সদস্যসচিব প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, অন্যান্য ছাত্রাবাসের খালি হওয়া আসন নতুন করে পেতে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। তবে শাহ আমানত ছাত্রাবাসের সব আসন বাতিল করা হয়েছে। সেখানেও আসন পেতে শিক্ষার্থীদের নতুন করে আবেদন করতে হবে। ৯ থেকে ৩০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের আবেদন করতে বলা হবে।
রমজান ও ঈদের বন্ধের পর বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী বুধবার। বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে ৯ আগস্ট। ওই দিনই শিক্ষার্থীদের উদ্দেশে এই নোটিশ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানতে চাইলে কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির সদস্যসচিব সিরাজ উদ দৌল্লাহ গত শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আগামী মাসে শাহ আমানত ছাত্রাবাস খুলে দেওয়া হবে।
গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ছাত্রাবাসের শিবিরের সাধারণ সম্পাদক মামুন হায়দার নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতেই ছাত্রাবাসটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ৬৩২ আসনের ছাত্রাবাসটি শিবিরের নিয়ন্ত্রণে ছিল। নতুন করে সেখানে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। এতে শিবির নিয়ন্ত্রণ হারাবে।
বন্ধের পর থেকে ছাত্রাবাসটি খুলে দেওয়ার জন্য ছাত্রলীগ ও ছাত্রশিবির দাবি জানিয়ে আসছিল। ছাত্রাবাসটির প্রাধ্যক্ষ মোহাম্মদ আবুল মনছুর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো একটি পক্ষের হাতে ছাত্রাবাসটি তুলে দিতে পারে না। এ কারণেই নতুন করে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।