শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১
চট্টগ্রাম নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার সকালে চারটি স্বর্ণের বার ও ৬৯টি স্বর্ণের চেইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও কাস্টমের সদস্যরা যৌথভাবে তাঁকে আটক করেন।
আটক হওয়া ওই ব্যক্তির নাম আবদুল মতিন। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।
কাস্টম সূত্রে জানা গেছে, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে করে সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম পৌঁছান আবদুল মতিন। বিমানবন্দরে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর অন্তর্বাসের ভেতর থেকে কার্বন পেপারে মোড়ানো চারটি স্বর্ণের বার (৪৬৪ গ্রাম), হাঁটুতে মোড়ানো কাপড় থেকে ৬৯টি স্বর্ণের চেইন (৪১০ গ্রাম) উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার সুশান্ত পাল। তিনি প্রথম আলো ডটকমকে জানান, আবদুল মতিনকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।