শাহ আমানত সেতু এলাকা থেকে ১৪০ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তর গতকাল বুধবার সকালে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে প্রায় ১৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে। তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল প্রথম আলোকে বলেন, দেশের সড়ক ও মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যোগাযোগ মন্ত্রণালয় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, অভিযানের প্রথম দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতুসংলগ্ন এলাকা থেকে টিনশেডের তৈরি ১৪০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। ১০০ দিনের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সম্ভব না হলেও পরবর্তী সময়ে এই অভিযান পরিচালনা করা হবে।