শাহ আমানত সেতু এলাকা যানজটমুক্ত করতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকা যানজটমুক্ত করতে এবং পরিবহন মালিকের সঙ্গে দুর্ব্যবহার করা সার্জেন্টের অপসারণের দাবিতে অবরোধ পালন করেছেন শ্রমিকেরা। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শাহ আমানত সেতু এলাকায় এ অবরোধ পালিত হয়।
এ সময় চট্টগ্রাম নগরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ বন্ধ ছিল। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে গতকাল সোমবার বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হয়।
আরাকান সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রথম আলোকে জানান, শাহ আমানত সেতু এলাকায় যানজট নিরসনে চার দফা দাবি বাস্তবায়ন ও সার্জেন্টের অপসারণের দাবিতে এক ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, গত রোববার রাতে পটিয়ার জলুর দীঘির পাড় এলাকায় শাহ আমীন পরিবহনের মালিক আহমদ নবী চৌধুরীর সঙ্গে নূর নবী নামের এক সার্জেন্ট দুর্ব্যবহার করেন।
শ্রমিকদের চার দফা দাবি হচ্ছে শাহ আমানত সেতু এলাকা থেকে মাইক্রোবাস স্টেশন উচ্ছেদ, টার্মিনাল এলাকা থেকে টেম্পো ও হকারদের উচ্ছেদ, সেতু এলাকার গোলচত্বর এলাকায় বিআরটিসি দ্বিতল বাসের পার্কিং বন্ধ এবং পিকআপ ভ্যানে অবৈধভাবে যাত্রী বহনে আইনি ব্যবস্থা গ্রহণ।
নগর পুলিশের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা শাহ আমানত সেতু এলাকায় চেয়ার কোচ ব্যতীত অন্যান্য গাড়ি পার্কিং বন্ধে ব্যবস্থা ও জেলা পুলিশের এক সার্জেন্টের অপসারণের দাবি জানিয়েছেন। দাবি বিবেচনার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।