শাহ আমানত সেতুর কাছে অস্থায়ী বাস টার্মিনালের উদ্বোধন
চট্টগ্রাম নগরের যানজট নিরসনে কর্ণফুলী শাহ আমানত সেতুর কাছে অস্থায়ীভাবে নির্মিত বাস টার্মিনালটির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম বাস টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবুল কাশেম।সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যেই অস্থায়ী টার্মিনালটিতে যাত্রীছাউনি, টিকিট কাউন্টার এবং পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার নির্মাণ করা হয়েছে। অবশ্য এখনো বাস কিংবা অন্য কোনো যানবাহন বহদ্দারহাট টার্মিনাল থেকে স্থানান্তর করা হয়নি। তবে গতকাল বিকেলে চান্দের গাড়িগুলোকে (জিপ) ওই টার্মিনাল থেকে চলাচল করতে দেখা গেছে।এ নিয়ে চট্টগ্রাম পিএবি সড়ক যানবাহন (কোস্টার) মালিক সমিতির সভাপতি জাফর প্রথম আলোকে বলেন, অস্থায়ী টার্মিনালটির আজই (শুক্রবার) আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উড়ালসড়ক নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত শনিবার (আজ) সকাল থেকে অস্থায়ী বাস টার্মিনাল থেকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাস যাওয়া আসা করবে।পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক বলেন, অস্থায়ী বাস টার্মিনালটির এখনো কিছু স্থানে মাটি ভরাটের কাজ বাকি রয়ে গেছে। সেগুলোর কাজও চলছে। উল্লেখ্য, বহদ্দারহাট উড়ালসড়ক নির্মাণজনিত সৃষ্ট সড়কের দুরবস্থা এবং যানজট নিরসনে দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি রুট পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, বরকল-বৈলতলী-বরমা যাতায়াতকারী বাস ও মিনিবাসের জন্য কর্ণফুলী শাহ আমানত সেতুর পশ্চিম পাশে এ অস্থায়ী বাস টার্মিনালটি স্থাপন করা হয়েছে। এর আগে এ রুটের বাসগুলো বহদ্দারহাট বাস টার্মিনাল দিয়ে চলাচল করত।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ২০১০ সালে বহদ্দারহাট মোড় থেকে এক কিলোমিটার এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের দীর্ঘ উড়ালসড়কের নির্মাণকাজের ফলে বহদ্দারহাট এলাকায় তীব্র যানজট লাগে। এ যানজট থেকে মুক্তি পেতে গত মঙ্গলবার চউক, সিএমপি ও পরিবহননেতাদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উল্লেখ আছে, কক্সবাজার ও বান্দরবানগামী বাস বহদ্দারহাট টার্মিনাল থেকে ছেড়ে নতুন সেতু দিয়ে যাবে, কিন্তু টার্মিনালে ফিরে আসবে কালুর ঘাট সেতু দিয়ে। অন্যদিকে দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক রুটের যানবাহনগুলো কর্ণফুলী শাহ আমানত সেতু দিয়েই যাওয়া-আসা করবে।