শাহ আমানত হল খুলছে আজ, ২৯ ঘণ্টা পর শাটল ট্রেন সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল টানা ৫৪ দিন সিলগালা থাকার পর আজ বুধবার সকাল ১০টায় খুলে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক কামরুল হুদা ও কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, ‘শাহ আমানত হলের বৈধ শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টা থেকে হলে উঠতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। এ ঘটনার পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে। ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। তবে হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিলে ওই দিন শাহ আমানত হল সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। ছাত্রশিবির শাহ আমানত হলে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়াসহ চার দফা দাবিতে ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে ধর্মঘট আহ্বান করে। এদিকে, প্রায় ২৯ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন গতকাল মঙ্গলবার দুপুর থেকে চলাচল শুরু হয়েছে। তবে সকালে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সকালে ট্রেন ছাড়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা নগরের বটতলী স্টেশনে বিক্ষোভ করেন। এদিকে, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের বৈঠক হয়েছে। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মুহাম্মদ আশিকুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘উপাচার্যের সঙ্গে বৈঠকে পাঁচ দফা দাবি পেশ করেছি। দাবি মেনে নেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।’ এ ছাড়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গঠিত ১৫ সদস্যের ‘স্থায়ী পরিবেশ পরিষদ’ গতকাল সকালে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে বৈঠক করেছে। পরিবেশ পরিষদ আজ বুধবার থেকে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে পারে বলে জানিয়েছেন পরিষদের সদস্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক কামরুল হুদা। এদিকে, দুই দফার দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। ৭ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে ৮ ফেব্রুয়ারি থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটল ট্রেন চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা শাটল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ উল্লেখ্য, গত সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের ঝাউতলা স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে হামলা চালান ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।