শাহ আমানত হল 'চুপিসারে' খুলে দিচ্ছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাসটি বন্ধ প্রায় ১০ মাস ধরে। সব আবাসিক শিক্ষার্থীর আসন বাতিল করা হয়েছে অনেক আগে। নতুন করে আসন বরাদ্দের আবেদন গ্রহণ করা হলেও সাক্ষাৎকার নেওয়া হয়নি আজও। এ-সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। এ অবস্থায় আজ বুধবার একরকম ‘চুপিসারে’ ছাত্রাবাসটি খুলে দিচ্ছে কর্তৃপক্ষ।
ছাত্রাবাস খোলার খবর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জানাজানি হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এভাবে গোপনে ছাত্রাবাস খুলে দেওয়ায় আসন পাবেন কি না, সেই আশঙ্কায় পড়েছেন তাঁরা।
২০১৪ সালের ১২ জানুয়ারি শাহ আমানত ছাত্রাবাসের ভেতরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের এক নেতা নিহত হওয়ার জের ধরে ওই দিন রাতেই ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করা হয়। গত ২৫ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ৮ নভেম্বর থেকে ছাত্রাবাসটি খুলে দেওয়ার কথা জানানো হলেও ওই দিন ভর্তি পরীক্ষা থাকায় তা আর হয়নি। পরেও এ নিয়ে আর কোনো কিছু জানানো হয়নি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হয়তো বুধবার (আজ) সকাল থেকে শাহ আমানত ছাত্রাবাস খুলে দেওয়া হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানে হল কর্তৃপক্ষ।’
শাহ আমানত ছাত্রাবাসের প্রাধ্যক্ষ মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘কাল (বুধবার) শাহ আমানত ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে। প্রথম দফায় যাঁদের আসন আগে বাতিল হয়েছিল, তাঁদের মধ্যে যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁদের হলে তুলে দেওয়া হবে। সঙ্গে কিছু নতুন ছাত্রকেও মনে হয় তুলতে হবে।’ নতুন ছাত্র কারা, জানতে চাওয়া হলেও তিনি কিছু বলতে চাননি।
কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রাবাস খুলে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, ‘ছাত্রাবাস তো ৮ নভেম্বর থেকে খুলে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তাই শিক্ষার্থীরা ছাত্রাবাসে ওঠার জন্য অপেক্ষায় আছেন।’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর গত শনিবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের দুই পক্ষেরে মধ্যে সমাঝোতা হয়। দুই পক্ষই ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে বলে সিদ্ধান্ত হয়। এরপর গত রোববার সকালে ক্যাম্পাসে যায় এত দিন ধরে বিতাড়িত সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষ। তবে ক্যাম্পাসে গেলেও ছাত্রাবাসে তাঁদের থাকার কোনো জায়গা ছিল না।
দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা বেশ কয়েক দিন আগে ১৯০ জন নেতা-কর্মীর একটি তালিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়েছেন, যাঁরা বৈধ শিক্ষার্থী এবং যাঁদের ক্যাম্পাসে থাকার জায়গা নেই। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের শাহ আমানত ছাত্রাবাসের ১৫০টি আবেদন ফরম দেয়। তাঁরা সেগুলো পূরণ করে ছাত্রাবাসে জমা দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের ওই ১৫০ কর্মীকেও হলে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। নতুন ছাত্র বলতে প্রভোস্ট হয়তো এঁদেরই বুঝিয়েছেন।’
এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ছাত্রাবাস খুলে দেওয়ার এ খবর জানাজানি হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছাত্রাবাসে আসনের জন্য আবেদন করা বেশ কয়েকজন প্রথম আলোর কাছে ফোন করে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। এ রকম একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এভাবে চুপিসারে ছাত্রাবাস খুলে দেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। হয়তো দলীয় বিবেচনায় আসন বরাদ্দ দিতেই এটা করা হচ্ছে। সেটা হলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রাবাসে উঠতে পারবেন কি না, সেই ভয়ে রয়েছেন।