শাহ আমানত হলে ছাত্রলীগের ভাঙচুর, প্রাধ্যক্ষের কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা গত বুধবার রাত দেড়টার দিকে শাহ আমানত হলে ব্যাপক তাণ্ডব চালান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাঁরা প্রাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের কর্মীরা ওই তালা খুলে দেন।প্রাধ্যক্ষ ও হাউস টিউটরদের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের কর্মীরা প্রাধ্যক্ষের কার্যালয়, অতিথিকক্ষ, প্রাধ্যক্ষের নামফলক ও টেলিফোন সেট ভাঙচুর করেন বলে জানা গেছে। দাবি আদায়ে পরে তাঁরা হলে হলে পোস্টার সাঁটান।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে শাহজালাল হলের বিপরীত পাশে অবস্থিত শফি কটেজে ছাত্রশিবিরের দুজন কর্মীর সঙ্গে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বাগিবতণ্ডা হয়। ছাত্রশিবিরের দুই কর্মী এ সময় শাহ আমানত হলে আশ্রয় নেন।শাহ আমানত হলের প্রাধ্যক্ষ কলিম উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী হলে পুলিশি অভিযান ও বহিরাগতদের বের করে দেওয়ার দাবি নিয়ে বুধবার রাতে আমার কাছে আসে। তাদের দাবি অনুযায়ী দুই ছাত্রকে হল থেকে বের করে দিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যদের হাতেও তুলে দিই। কিন্তু রাত দেড়টার দিকে আমি হল থেকে বের হওয়ামাত্র ছাত্রলীগের কর্মীরা কোনো কারণ ছাড়াই আমার কার্যালয় ও অতিথিকক্ষ ভাঙচুর করে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জানান, কর্তৃপক্ষ হলে শিবিরের বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্ররা প্রাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেছে।শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তফা সাকেরউল্লাহ বলেন, হলে শিবিরের কোনো বহিরাগত নেতা-কর্মী নেই। বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অস্থিতিশীল করতে ছাত্রলীগ কোনো কারণ ছাড়াই প্রাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে ১০টি আবাসিক হলের প্রাধ্যক্ষকে নিয়ে বৈঠক করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আকতার হোসেন বলেন, শাহ আমানত হলের প্রাধ্যক্ষের কার্যালয়ের ভাঙচুরের কারণ বের করতে কর্তৃপক্ষ প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ মহিউদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে।